নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে বুধবার সন্ধ্যায় আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর পর বিমানে আগুন ধরে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। বিমান দু’টির চারজন চালকের মধ্যে ঘটনাস্থল থেকে ১ জনকে জখম অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। রাত আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্য তিনজনের খোঁজ মেলেনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী বলেন, মহেশখালীতে বুধবার সন্ধ্যায় আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সন্ধ্যার দিকে ঘণ্টাখানেক ধরে রাডার থেকে বিচ্ছিন্ন ছিল বিমান দুটি। এর একটির মডেল ইয়াক-৮। দুটি বিমানে দুজন করে চারজন ছিলেন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনজনের খোঁজ চলছে।
বিমানবাহিনীর বরাত দিয়ে কক্সবাজারের এএসপি (ডিএসবি) শহীদুল ইসলাম সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বলেন, বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিধ্বস্ত হওয়ার পর বিমান দুটি দুই জায়গা পড়েছে। একটি মহেশখালীর পালপাড়ায় এবং অন্যটি কম্পনিয়া পাহাড়ি এলাকায় পড়েছে। বিধ্বস্ত হওয়ার পর একটি বিমানে আগুন ধরে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।



Leave a Reply