আরমান হোসেন টুটুল।।
জমকালো আয়োজনের মধ্যদিয়ে পর্দা নামলো ৩০তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মত মালয়েশিয়ান ”উই দ্য ডেড” নামের একটি ফিচার চলচ্চিত্র জায়গা করে নেয়। যেখানে রোহিঙ্গাদের নির্যাতনের চিত্র ফুটিয়ে তোলা হয়। এর মাধ্যমে বিশ্ব দরবারে রোহিঙ্গা সমস্যার দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
লাল গালিচায় তারার মেলা। রাতের মঞ্চ যেন আরো আলোকিত হয়ে ওঠে বিনোদন জগতের জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে। টোকিও ৩০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরে দর্শকের মাঝেও ছিলো ব্যাপক রোমাঞ্চ। এবারের চলচ্চিত্র উৎসবের জন্য বিশ্বের ৮৮টি দেশ থেকে জমা পড়ে ১ হাজার ৫৩৮টি চলচ্চিত্র। আয়োজকরা যার মধ্য থেকে মূল প্রতিযোগিতা বিভাগের জন্য ১৫টি চলচ্চিত্রের বাইরে এশিয়ান ফিচার বিভাগের জন্য ১০টি এবং জাপানি ছবির বিভাগের জন্য আরো ১০টি ছবি বেছে নেন।
১৫টি নির্বাচিত ছবির মধ্যে মালয়েশিয়ার পরিচালক এডমন্ড ইয়োর উই দ্য ডেড চলচ্চিত্রটি নির্মিত হয়েছে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশার উপর ভিত্তি করে।
এডমন্ড ইয়ো বলেন,’আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারে দমনের শিকার হওয়া রোহিঙ্গাদের নিয়ে চলছে রাজনীতির খেলা। যেন দৃষ্টির আড়ালে চাপা পড়ে যাচ্ছে তাদের উপর নির্যাতন ও নিপীড়নের ঘটনা। আমরা এই চলচ্চিত্রের মাধ্যমে তার দুর্দশা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
সেরা চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে ফ্রান্স ও জাপানের ২টি চলচ্চিত্র স্থান পেয়েছে। এছাড়া ইরান, মালয়েশিয়া, তুরস্ক, চীন, জার্মানি, ইতালি, বুলগেরিয়াসহ বেশ কয়েকটি দেশের চলচ্চিত্র স্থান পায়। গেল বছর টোকিও আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে বিশ্বের ৮৬ দেশের ১৪শ’টি চলচ্চিত্র জমা দেয়া হয়। শুরু হওয়া ১০দিন ব্যাপী টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয় রোববার।


