আন্তর্জাতিক ডেস্কঃ করোনার বিস্তার ঠেকাতে জারি লকডাউন বিধিনিষেধের নেতিবাচক প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের অর্থনীতিতে। বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি গত আট বছরের মর্ধ্যে সর্বোচ্চ সংকুচিত হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালের পর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) তেল-গ্যাস সম্পদ সমৃদ্ধ উপসাগরীয় এই দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমেছে ৬ দশমিক ১ শতাংশ।
বৃহস্পতিবার কাতারের জাতীয় পরিকল্পনা ও পরিসংখ্যান কর্তৃপক্ষ বার্ষিকভিত্তিতে অর্থাৎ গত বছরের সঙ্গে তুলনা করে এমন তথ্যই জানিয়েছে। ২০১৯ সালের একই সময়ের তুলনায় অর্থনীতির আকার কমেছে ১ শতাংশ।
মহামারিতে পরিবহণ, গুদামজাতকরণ, খুচরা বাণিজ্য, আবাসন এবং অবসর সংক্রান্ত পরিষেবাগুলো বন্ধ থাকায় বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের সরবরাহকারী কাতারের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে।
চলতি বছরে কাতারের জিডিপি সংকোচন ৪ দশমিক ৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। উপসাগরীয় আরব দেশগুলোর তুলনায় অবশ্য এই সংকোচন সবচেয়ে কম।


