মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

৩০ আসন চাওয়া নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য অসত্য: জামায়াত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ‘অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ’ আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, “এ ধরনের বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদের মুখে এসেছে, তা বিশ্বাস করতে কষ্ট হয়। এই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি সত্যিই তিনি এমন কথা বলে থাকেন, তবে জামায়াত কার কাছে আসন দাবি করেছে—তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করতে হবে।”

তিনি আরও বলেন, জামায়াতের রাজনীতির সঙ্গে কারো কাছে আসন চাওয়ার কোনো সম্পর্ক নেই। “মির্জা ফখরুল যদি প্রমাণ দিতে ব্যর্থ হন, তাহলে তাঁকে অন্তত জনগণের সামনে দুঃখ প্রকাশ করতে হবে।”

এর আগে কলকাতাভিত্তিক একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিবের বরাত দিয়ে বলা হয়, জামায়াত নাকি প্রথমে ৫০টি আসন চাইলে পরে ৩০টি আসনের দাবি করে। কিন্তু বিএনপি উৎসাহ না দেখিয়ে কম সংখ্যক আসনের প্রস্তাব দেয়। এ নিয়েই দুই পক্ষের অস্বস্তি তৈরি হয়। সাক্ষাৎকারে মির্জা ফখরুলকে উদ্ধৃত করে আরও বলা হয়, “জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেবো না।”

তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। কোন অংশগুলো বিকৃত বা ভুলভাবে প্রকাশ করা হয়েছে—তা এখনো স্পষ্ট করেনি দলটি।

প্রকাশিত ওই সাক্ষাৎকারে জামায়াতকে নিয়ে করা মন্তব্য ছাড়াও অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যৎ ভূমিকা এবং বাংলাদেশে ভারতের প্রভাব সম্পর্কিত বক্তব্যও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *