অলি আহম্মেদ।। বাংলাদেশের অটোমোটিভ কনটেন্ট নির্মাতা সাইফ সারোয়ার এক নতুন ইতিহাস রচনা করেছেন। তার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘গো বিয়ন্ড’ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মোটর ফিল্ম অ্যাওয়ার্ডস (IMFA 2025)–এর ‘বেস্ট ইনডিপেন্ডেন্ট ফিল্ম’ বিভাগে মনোনীত হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম অটোমোটিভ চলচ্চিত্র হিসেবে আন্তর্জাতিক স্তরে জায়গা করে নেওয়ার গৌরব বয়ে এনেছে।
সাইফের সিনেমা ১২টি ভিন্ন বিভাগের ২৪২টি মনোনীত চলচ্চিত্রের সঙ্গে একই মঞ্চে প্রতিযোগিতা করবে। এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি প্রমাণ করে বাংলাদেশের প্রতিভাও আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিতে সক্ষম।
সাইফ সারোয়ার বলেন, “এই মনোনয়ন আমার জন্য শুধু স্বীকৃতি নয়, এটি একটি স্বপ্নের জয়গান। আমি থামবো না, যতক্ষণ না ফর্মুলা ১-এর গর্জন বাংলাদেশি লেন্সে উঠে আসে।”
‘গো বিয়ন্ড’–এ দেখা যাবে মডিফাইড ফোর্ড রেঞ্জার ওয়াইল্ডট্র্যাক–এর অ্যাকশন ও অফ-রোড অ্যাডভেঞ্চারের গল্প, যা সিনেম্যাটিকভাবে উপস্থাপন করা হয়েছে সাইফের স্বতন্ত্র ভিজ্যুয়াল স্টাইলের মাধ্যমে।
আয়োজন: আগামী ২ অক্টোবর, লন্ডনের আলেকজান্দ্রা প্যালেস–এর নবনির্মিত ভিক্টোরিয়ান থিয়েটারে IMFA 2025-এর এক্সক্লুসিভ ব্ল্যাক টাই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হবে।


