বয়স ৬১। অথচ পর্দায় এবার ২৫ বছরের এক তরুণের চরিত্রে হাজির হতে প্রস্তুতি নিচ্ছেন বলিউড তারকা আমির খান।
নতুন সিনেমা ‘লালকারা’র জন্য ফের বড় ধরনের শারীরিক রূপান্তরের পথে হাঁটছেন তিনি। চরিত্রের বয়স ও শারীরিক গড়নের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ওজন কমানোর পাশাপাশি কঠোর খাদ্যনিয়ন্ত্রণ ও শরীরচর্চা করছেন এই অভিনেতা।
আশুতোষ গোয়ারিকর পরিচালিত সিনেমা ‘লালকারা’ নির্মিত হচ্ছে ভারতীয় ক্রিকেট ও দেশভাগের ঐতিহাসিক প্রেক্ষাপটে। এতে আমির খানকে দেখা যাবে কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের ভূমিকায়।
ভারতের স্বাধীনতার পর প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা লালা অমরনাথের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই সিনেমাটির গল্পের অন্যতম ভিত্তি।
সিনেমার গল্পে লালা অমরনাথের তরুণ বয়সও উঠে আসবে।
তাই চরিত্রের সেই সময়টিকে বিশ্বাসযোগ্য করে তুলতেই আমিরের এই শারীরিক প্রস্তুতি। পর্দায় ২৫ বছরের লালা অমরনাথকে ফুটিয়ে তুলতে নিজের চেহারা ও শরীরের গঠনে পরিবর্তন আনছেন তিনি।
শারীরিক রূপান্তরের জন্য আমির খানের পরিচিতি অবশ্য নতুন নয়। চরিত্রের প্রয়োজনে এর আগেও একাধিকবার নিজের ওজন ও শারীরিক গঠন বদলেছেন তিনি। ‘দঙ্গল’ সিনেমায় বয়স্ক মহাবীর সিং ফোগাটের চরিত্রে অভিনয়ের জন্য প্রায় ২৭ কেজি ওজন বাড়িয়ে ৯৭ কেজিতে পৌঁছেছিলেন। পরে একই সিনেমায় তরুণ মহাবীরের চরিত্রে অভিনয়ের জন্য মাত্র পাঁচ মাসে সেই বাড়তি ওজন কমিয়ে ফেলেন।
‘লাল সিং চাড্ডা’ সিনেমাতেও চরিত্রের তরুণ বয়স ফুটিয়ে তুলতে ওজন কমিয়েছিলেন আমির। অন্যদিকে ‘গজনি’ সিনেমায় চরিত্রের প্রয়োজনে তৈরি করেছিলেন পেশিবহুল শরীর। পর্দায় চরিত্রকে বাস্তবসম্মত করে তুলতে এমন শারীরিক পরিবর্তনের জন্যই দীর্ঘদিন ধরে ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে পরিচিত এই অভিনেতা।
‘লালকারা’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও আশুতোষ গোয়ারিকরের সঙ্গে জুটি বাঁধছেন আমির খান। এর আগে ২০০১ সালে এই জুটি উপহার দিয়েছিল ঐতিহাসিক ও ক্রিকেটনির্ভর সিনেমা ‘লগান’। নতুন সিনেমাটিও ক্রিকেটকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। তবে এবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে দেশভাগ ও স্বাধীনতা-পরবর্তী ভারতের ইতিহাস।
সব মিলিয়ে ‘লালকারা’ নিয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে শুধু লালা অমরনাথের জীবনের গল্প নয়, বরং ৬১ বছর বয়সে আমির খান কীভাবে পর্দায় ২৫ বছরের তরুণ ক্রিকেটারের অবয়ব ধারণ করেন, সেটিও।



Leave a Reply