কল্যাণপুরের আস্তানায় অভিযানে গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি রাকিবুল হাসান রিগানকে গুলশানে জঙ্গি হামলার ঘটনায় করা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
রোববার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করা হয় বলে জানান পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির।
তিনি বলেন, আবেদন শুনে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রিগানকে হাজারীবাগ থানার আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের হেফাজতে নেওয়া হয়।
এছাড়াও কল্যাণপুরে অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায়ও তাকে আসামি করা হয়েছে। ১৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতে ওই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
জঙ্গি আস্তানার খোঁজে ২৫ জুলাই মধ্যরাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে তাজ মঞ্জিল নামের ছয় তলা একটি ভবনের পঞ্চম তলায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা। পরদিন ভোরে সেখানে সোয়াটের বিশেষ অভিযানে নিহত হন সন্দেহভাজন নয় জঙ্গি।
ভোরের সেই অভিযানের আগেই গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন রিগান। তাকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ওই বাসায় অস্ত্র, বিস্ফোরকের পাশাপাশি আইএস এর পতাকা ও কালো পাঞ্জাবি পাওয়ার কথা জানালেও পুলিশ দাবি করে, হতাহতরা সবাই বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির সদস্য।
এর আগে ১ জুলাই রাতে ঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নজিরবিহীন সন্ত্রাসী হামলায় ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। হামলার পর দিন সকালে সেনাবাহিনীর বিশেষ অভিযানের পর সেখান থেকে পাঁচ জঙ্গিসহ ছয়জনের লাশ উদ্ধার করা হয়।
আর জঙ্গিদের ঠেকাতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।


