ঢাকার পল্টনে দুপুর বেলা পুলিশের শটগানের গুলিতে মো. হানিফ (৩৫) নামের এক রিকশাচালক আহত হয়েছেন। হানিফের হাতে, বুকে ও পিঠে গুলি লেগেছে। পুলিশ বলছে, অসাবধানতার কারণে গুলি বেরিয়ে গিয়েছিল।
পল্টন মোড়ে গুলিবিদ্ধ মো. হানিফ (৩৫) নামে ওই রিকশাচালককে মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পল্টন মোড়ে দায়িত্বরত এক কনস্টেবলের হাতে থাকা শটগানের গুলিতে হানিফ আহত হন বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত পুলিশ সদস্যরা।
এই বিষয়ে জানতে চাইলে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে সেখানে দায়িত্বরত এক কনস্টেবলের শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায়। এতেই ওই রিকশাচালক আহত হন।”
পল্টন থানার ওসি রফিকুল ইসলাম জানান, আহত রিকশাচালকের চিকিৎসার ব্যবস্থা করেছেন তারা।
গুলি বেরিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে জানিয়ে উপকমিশনার আনোয়ার বলেন, “ওই কনস্টেবলের কোনো গাফলতি থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


