ফিচার ডেস্ক: ফুলের সৌন্দর্য কাজে লাগিয়ে তাকে দৃষ্টিনন্দন রূপ দেওয়াকেই বলে ইকেবানা। জাপানি এ পুষ্পশৈলীর কদর কমছে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে। তবে ফুল সাজানর এই ঐতিহ্য ধরে রাখতে সম্প্রতি দেশটিতে শুরু হয়েছে দুই মাসব্যাপী ইকেবানা প্রদর্শনী। টোকিওর মেগুরো কমিউনিটি কপ্লেক্সে অনুষ্ঠিত প্রদর্শনীতে প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী।
প্রদর্শনীর মূল আকর্ষণ সবচেয়ে বড় এই ইকেবানাটির নির্মাতা মাস্টার কাসসু ইয়োসিমুরা। এ ধরণের আয়োজনে দ্বিতীয় বারের মতো প্রধান ডিসপ্লে তৈরির সুযোগ পেয়েছেন তিনি।
পারিবারিক ঐতিহ্য ধরে রাখতেই ইকেবানা মাস্টার হয়েছেন একসময়ের স্থপতি কাসসু। ফুল সাজানোর কাজে সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাচ্ছেন তিনি।
দেশের বাইরে ইকেবানা ছড়িয়ে দিতে আগ্রহী কাসসু। এরজন্য প্রথমে ইকেবানার প্রতি জাপানিদের আগ্রহ ফিরিয়ে আনতে হবে বলেই বিশ্বাস করেন তিনি।
ইকেবানা মাস্টার কাসসু ইয়োসিমুরা বলেন, অনেকেই মনে করেন ইকেবানার সাথে সম্পৃক্ত হওয়া সহজ বিষয় নয়। জাপানেও ইকেবানাকে ব্যয়বহূল ভাবা হয় যদিও বিষয়টি মোটেও সেরকম নয়। যে কেউ খুব সহজেই শিখতে পারে এটি।
৭৮ বছর বয়সী ফুমিয়ে মেইয়াকো মনেই করতে পারেননা, ঠিক কবে থেকে ইকেবানা তৈরি শুরু করেছিলেন তিনি। এখন তাঁর সমস্ত মনোযোগ, কিভাবে আরো শৈল্পিক করে তোলা যায় ফুল, শাখা ও কাণ্ডের সৌন্দ্যর্য। ইকেবানা তৈরির পর এক ধরণের মানসিক প্রশান্তি অনুভব করেন তিনি। দর্শকদের প্রশংসা পেতেও বেশ ভালোলাগে তার।
পারিবারিক ঐতিহ্য মেনে ছোট বেলা থেকেই নিজেকে ইকেবানা মাস্টার হিসেবে গড়ে তুলেছেন সিননোসুকে মোচিজুকি। নিজের সৃজনশীল কাজ নিয়ে তিনিও হাজির হয়েছেন এ প্রদর্শনীতে।
মোট ৫৪ জন ইকেবানা শিল্পী ও মাস্টারের শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। দুই মাসব্যাপী এই প্রদর্শনী শেষ হবে ১৭ই মে।
ঐতিহ্য ধরে রাখতে জাপানে চলছে ইকেবানা প্রদর্শনী
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply