ওমর ঢারুক: নড়াইলে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় নির্যাতক স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইনজীবী মনজিল মোরশেদের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ রবিবার এই আদেশ দেন। এ ছাড়া দোষীদের গ্রেফতার করা হয়েছে কিনা- সে বিষয়ে আগামী ১৮ মে জেলা প্রশাসক ও নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ববিতা খানম নামে ওই গৃহবধূর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনওসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামে গত ৩০ এপ্রিল ববিতা খানমকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন চালায় তার স্বামী সেনাবাহিনীর সদস্য শফিকুল শেখসহ তার পরিবারের সদস্যরা।
ওই গৃহবধূ বর্তমান নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নির্যাতনের ঘটনায় গত ৫ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ববিতার স্বামী শফিকুল শেখসহ সাতজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন ববিতার মা খাদিজা বেগম। মামলার অন্য আসামিরা হলেন, শ্বশুর ছালাম শেখ, শাশুড়ি জিরিন আক্তার, ভাসুর হাসান শেখ, চাচাশ্বশুর কালাম শেখ, প্রতিবেশী নান্নু শেখ ও পদ্মবিবলা গ্রামের আজিজুর রহমান আরজু।
গাছে বেঁধে নির্যাতন: দোষীদের গ্রেফতারে হাইকোর্টের নির্দেশ
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply