নিজস্ব প্রতিবেদক : পুলিশ ও মাস্তানদের চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নেওয়ার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। প্রয়োজনে তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের আওতায় আনারও পরামর্শ দেন তারা। রাজধানীর
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সোমবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও সাইদ খোকনকে সংবর্ধনা অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের পরিচালক আবু আলম চৌধুরী এ আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন সভাপতিত্ব করেন। এ সময় আরও বক্তব্য রাখেন- ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আলী, বর্তমান সহ-সভাপতি হেলাল উদ্দিন, পরিচালক আব্দুল হক, এম এ মোমেন ও সেলিমা আহমাদ।
সেলিমা আহমাদ বলেন, পুলিশের চাঁদাবাজি বন্ধ করতে হবে। ঢাকা শহরের এক স্থান থেকে অন্য স্থানে পণ্যবাহী পরিবহন গেলে রাস্তায় পুলিশ গাড়ি থামিয়ে দেয়। চাঁদাবাজি করে। ব্যবসায়ীদের হয়রানি করে। এ হয়রানি ও চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নিতে হবে, যাতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে পারেন।
এ ছাড়া ব্যবসায়ীদের সমস্যা জানানোর জন্য ২৪ ঘণ্টা একটি হেলফ লাইন খোলারও তিনি দাবি জানান। এম এ মোমেন বলেন, ঢাকা শহরের মেয়র হওয়ার জন্য আপনাদের চেয়ে অনেক যোগ্য ও গুণী লোক ছিলেন। কিন্তু আপনাদের দিয়ে কিছু একটা করার জন্য আল্লাহ আপনাদের মেয়র নির্বাচিত করেছেন। ঢাকা সিটির উন্নয়ন ক্রস রোডে আছে। আপনারা পিপিপির মাধ্যমে সে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন। ব্যবসায়ীরা আপনাদের পাশে থাকবেন। যানজট নিরসনে একটি সমন্বিত কৌশলপত্র প্রণয়ন ও বাস্তবায়ন করবেন। ব্যবসায়ী নেতা আব্দুল হক বলেন, নবনির্বাচিত মেয়রদের ঢাকা সিটিকে যানজটমুক্ত ও হকারদের হাত থেকে ফুটপাত মুক্ত করে একটি নতুন ধারায় নিয়ে যেতে হবে। এ ছাড়া ঢাকাকে পরিচ্ছন্ন ও স্বচ্ছ করতে পঞ্চায়েত কমিটিগুলোকে আরও সক্রিয় করে তুলতে হবে, যাতে সমাজে কোনো অন্যায় ও দুর্নীতি হলে তা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। হেলাল উদ্দিন বলেন, ব্যবসায়ীদের প্রতি আপনাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। ট্রেড লাইসেন্স ফি আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।
এ সময় তিনি নগর ভবনে সপ্তাহে দুই দিন দুই ঘণ্টা করে ব্যবসায়ীদের সময় দেওয়ার জন্য মেয়রদের প্রতি আহ্বান জানান।
পুলিশ ও মাস্তানদের চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নিন: এফবিসিসিআই নেতাদের আহ্বান
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply