বিনােদন ডেস্ক: ২০১১ সালে ভিট চ্যানেল আই টপ মডেল নির্বাচিত হন রাজশাহীর মেয়ে হাসিন রওশন। এরপর থেকেই ধীরে ধীরে কাজ করে যাচ্ছেন তিনি। নাটক, টেলিছবি আর সিরিয়ালের শুটিং নিয়েই তার এখনকার ব্যস্ততা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এই ছাত্রী ২০১২ সালে বিয়ে বন্ধনে নিজেকে বেঁধে ফেলেন মারুফুল ইসলামের সঙ্গে। সম্প্রতি জাতিসংঘের একটি বিশেষ প্রকল্পে যুক্ত হয়েছেন তিনি। ঘর-সংসার, অভিনয়, নিজের ব্যক্তি চিন্তা আর দর্শন নিয়ে আজকের ফেস টু ফেস বিভাগে কথা বলেছেন তিনি…
প্রশ্ন: কেমন আছেন?
হাসিন: এই তো ভালো…
প্রশ্ন: একটা সুখবর শুনলাম, আপনি মা হচ্ছেন?
হাসিন: এরকম কিছু না। সুখবর হলে অবশ্যই জানবেন। তবে আগামী বছর হয়তো নিবো। আপাতত কাজ আর সংসার নিয়ে ব্যস্ত আছি। একটা বছর যাক তারপর এ বিষয়টা নিয়ে চিন্তা করবো।
প্রশ্ন:নতুন কি কাজ করছেন?
হাসিন: এখন বেশ কিছু সিরিয়ালের শুটিং নিয়ে ব্যস্ত আছি। এ মাসের ২৮ তারিখ পর্যন্ত সিরিয়ালের কাজেই ব্যস্ত থাকবো।
প্রশ্ন: কার কার কাজ করছেন?
হাসিন: এর মধ্যে আছে মারুফ মিঠুর ‘তিনি আসবেন’ কাফি বীর এর নতুন একটা সিরিয়াল, জাহিদ হাসানের ‘উড়ামন’, দীপঙ্কর দীপনের ‘গ্র্যান্ড মাস্টার’।
প্রশ্ন: আপনার কি মনে হয় এখন লোকজন নাটক দেখেন?
হাসিন: খুব একটা না। তাও বিশেষ দিনের দুই একটা নাটক দেখে সেটাও ইউটিউবে।
প্রশ্ন: দেখে না কেনো?
হাসিন: নাটকের মান ১০০টার মধ্যে ৮০টার খারাপ ২০টার ভালো। মানুষের মাঝ থেকে বিশ্বাস উঠে গেছে।
প্রশ্ন: একজন ভালো শিল্পীর কি কি গুণ থাকা দরকার বলে আপনি মনে করেন?
হাসিন: সময়জ্ঞান থাকা দরকার, প্রফেশনাল হওয়া দরকার, যে কাজটা করছি এবং যাদের সঙ্গে করছি তাদের উপর সম্মান থাকা দরকার। আর যে কাজটি করছি সেটি প্রতিমুহূর্তে অনুশীলনের মধ্যে রাখা দরকার।
প্রশ্ন: আপনি কি শিল্পী হিসেবে পরিচিতি চান না তারকা…
হাসিন: আমি কোনো পরিচিতিই চাই না এটা সত্য কথা। যদি চাই তাহলে একজন ভালো মানুষ হিসাবে চাই। আর আমি শিল্পী নাকি তারকা সেটা মানুষ নির্ধারণ করবে। আমার চাওয়া না চাওয়া না। বাসা থেকে বের হলে সবাইকেই দেখি এখন মিডিয়াতে কাজ করে। এতো এলোমেলো জায়গা, তাই নিজের একটা অবস্থান দাঁড় করানোটাই বড় বেপার।
প্রশ্ন: কখনো মনে হয় ইশ যদি ঐরকম একটা চরিত্রে অভিনয় করতে পারতাম। মানে আপনার আফসোসের জায়গা আছে কি?
হাসিন: ৭০ ভাগ নির্মাতা কখনো অ্যাকশন বলেনি, ৭০ ভাগ শিল্পী কখনো ক্যামেরার সামনে দাঁড়ায়নি এবং তারা কোনো হোমওয়ার্কও করে না, এরকম মানুষে মিডিয়া ভরে গেছে। না আমার মনে হয় সময় যত যাবে এরকম ভালো ভালো যে সব চরিত্রে অভিনয় করা হয়নি সেসব করা হবে। তাড়াহুড়ার কিছু নাই। মাত্রতো শিখছি।
প্রশ্ন: আপনি শুটিংয়ে যাবার আগে নিজের চরিত্রের জন্য কি ধরনের প্রস্তুতি নেন…
হাসিন: স্ক্রিপ্ট পড়ি, আমি যে চরিত্রে অভিনয় করবো সেটা বুঝি, আশে পাশের কোনো মানুষ এই টাইপের ক্যারেক্টার হলে তার হাঁটা, চলা-ফেরাটা খেয়াল করি। লেখক এবং নির্মাতার সঙ্গে চরিত্রটি নিয়ে আলাপ করে নেই এবং চরিত্র অনুসারে পোশাক নির্বাচন করি।
প্রশ্ন: কেনো অভিনয় করেন?
হাসিন: অভিনয়টা শুরু করেছিলাম শখ থেকে, ভালোলাগা থেকে এবং দায়িত্ববোধ থেকে যেহেতু আমাকে ভিট চ্যানেল আই টপ মডেল বানানো হয়েছে। কিন্তু আস্তে আস্তে অভিনয়টা রক্তের সঙ্গে মিশে যাচ্ছে।
প্রশ্ন: আপনার দৃষ্টিতে একজন শিল্পীর সমাজের প্রতি দেশের প্রতি দায়বদ্ধতার জায়গাগুলো কি কি?
হাসিন: একজন শিল্পীর দায়িত্ব অনেক বেশি সাধারণ মানুষ থেকে। কেনোনা সাধারণ মানুষকে কেউ চিনে না। কেউ ফলো করে না। কেউ তাদের ভালো কাজকে ভালো আর খারাপ কাজকে খারাপ বলার নেই। অন্যদিকে একজন শিল্পী একটি সমাজ তথা একটি গোষ্ঠি, একটা জাতি একটা দেশের প্রতিনিধি হিসেবে কাজ করে। সমাজের যে কাজগুলো সবার কাছে ছোটো সেগুলোকে বড় করে দেখা এবং তা নিয়ে কাজ করাটা অনেক বেশি কার্যকর।
প্রশ্ন: একজন শিল্পীর প্রতিনিয়ত নিজেকে তৈরি করতে হয়। বই পড়া, সিনেমা দেখা, গান শোনা, আড্ডা ইত্যাদি।আপনি কি এই কাজগুলো করে থাকেন? যদি করে থাকেন তবে শেষ কোন মুভিটা দেখেছেন…
হাসিন: হুম, অবশ্যই করি। আমি সর্বশেষ মোস্তফা সরয়ার ফারুকীর পিঁপড়াবিদ্যা মুভিটা দেখেছি।
প্রশ্ন: আপনার কাছে নির্মাতা, গল্প, নাকি চরিত্র, কোনটা গুরুত্বপূর্ণ…
হাসিন: আমার কাছে নির্মাতা, গল্প, সহশিল্পী এবং বাজেট এই চারটা একসঙ্গে গুরুত্বপূর্ণ। আর শুধু নির্মাতা এবং গল্পের মধ্যে নির্মাতা আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ নির্মাতা ভালো হলে খারাপ গল্পকেও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। নির্মাতা খারাপ হলে ভালো গল্পকে খারাপ বানিয়ে ফেলতে পারে।
প্রশ্ন: নির্মাতা তরুণ তার প্রথম কাজ, আপনি তাকে চেনেন না। তখন কি করেন…
হাসিন: সহশিল্পী কে সেটা দেখি। যদি সিনিয়র হয় তাহলে না করি না।
প্রশ্ন: কখনো কি নাটক নির্মাণ বা লেখার কাজে নিজেকে ব্যস্ত রাখার ইচ্ছে আছে?
হাসিন: আপাতত এরকম কোন পরিকল্পনা নেই। আমি শুধু আমার কাজটুকু করতে চাই ভালো ভাবে।
আপনাকে ধন্যবাদ…
অভিনয়টা রক্তের সঙ্গে মিশে যাচ্ছে: হাসিন
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply