মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

‘সরকার র‌্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে’

4444আল-আমীন আনাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে সরকার। র‌্যাব আমাদের তৈরি। কিন্তু আমরা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করিনি। আর এই সরকার র‌্যাবকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, সরকার দেশটিকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। প্রতিটি জায়গায় দুর্নীতি হচ্ছে। জমি দখল, বাড়ি দখল হচ্ছে। সরকারি দলের লোকেরা সবখানে লুটেপুটে খাচ্ছে। তিনি বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি, অশান্তিতে নয়। মুক্তিযোদ্ধারাও দেশে অশান্তি দেখতে চায় না। তারা দেশে শান্তি চায়।

খালেদা জিয়া বলেন, বর্ষবরণ উৎসবে টিএসসিতে যা ঘটেছে তা বাংলাদেশের সব মানুষের জন্যেই লজ্জাকর। শুধু লজ্জা নেই সরকারের। কারণ, এটি তাদের নিজেদের লোকেরাই করেছে। তিনি বলেন, সেদিন ছাত্ররা প্রতিবাদ করতে গিয়েছিল। আপনারা দেখেছেন পুলিশ কী করেছে। তারা মাথাকে টার্গেট করে। পায়ে গুলি করে। মাথা মানুষের শরীরের গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আঘাত পেলে মানুষের জীবন বাদ হয়ে যেতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাজাহান ওমর, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজীজ উলফাৎ, সাধারণ সম্পাদক এ কে এম শফিউজ্জামান খোকন, সিনিয়র সহ-সভাপতি সাদেক খান, মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন বেঙ্গল, মুহিউদ্দিন শাহজাহান, এম আফজাল হোসেন, মাহবুব হোসেনসহ প্রায় ৭০ জন মুক্তিযোদ্ধা এ মতবিনিময়ে অংশ নেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *