মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

উপজাতি বলেই তোমাকে ধর্ষণ! কাজ শেষে বাড়ি পৌঁছে দেব

চলন্ত মাইক্রোবাসে ধর্ষণের শিকার তরুণীর বরাত দিয়ে তাঁর এক স্বজন বলেছেন, ধর্ষণের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। মেয়টি উপজাতি বলেই ধর্ষণ করা হল এমন কথাও ধর্ষকরা ঘটনার সময় বলেছে। ধর্ষণকারী পাঁচ যুবকের একজনের নাম তুষার। তাদের পরনে ছিল কেতাদুরস্ত জামা-কাপড়। কথাবার্তা ছিল শুদ্ধ উচ্চারণে।

তরুণীটির একজন নিকটাত্মীয় এই প্রতিবেদককে বলেন, ধর্ষকদের একজন গত রবি বা সোমবার একজন আফ্রিকান বংশোদ্ভূত নারী ও একজন সাদা চামড়ার বিদেশি পুরুষসহ যমুনা ফিউচার পার্কে এসেছিল। ধর্ষণের শিকার তরুণীটির দোকানে যে কাজ করেন, সেখানে ওই তিনজন বেশ কিছুটা সময় অবস্থান করে। সেখানে কেনাকাটার ফাঁকে তারা তরুণীটি কত টাকা বেতন পান, ওই বেতনে চলে কি না—এসব বিষয় জানতে চায়।

Rapeআদিবাসী তরুণীটি গত বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্ক থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে চলন্ত মাইক্রোবাসে পালাক্রমে ধর্ষণের শিকার হন। ওই দিনই রাত সাড়ে ১২টায় ভাটারা থানায় তিনি মামলা করেন। মামলার এজাহারে তিনি বলেছেন, ধর্ষকদের দেখলে তিনি চিনতে পারবেন। ধর্ষকদের বয়স ছিল ২২ থেকে ২৮ বছর। দুজনের গায়ের রং ফরসা এবং তিনজনের শ্যামলা। একজনের হাতে কালো ব্রেসলেট ছিল। প্রত্যেকেই ছিল স্বাস্থ্যবান। গাড়িচালকের মাথার চুল লম্বা। যুবকদের একজনের মুখে খোঁচা খোঁচা দাড়ি ছিল।

মামলার এজাহারে তরুণীটি আরও উল্লেখ করেছেন, ২১ তারিখ রাত নয়টায় কাজ সেরে তিনি হেঁটে কুড়িল বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। নয়টা ২৫ মিনিটের দিকে কুড়িলে সিনহা সিএনজি মোটরস অ্যান্ড স্টিল টেকনোর সামনে বাসে ওঠার জন্য চেষ্টা করছিলেন তিনি। বাসে প্রচণ্ড ভিড় থাকায় তিনি উঠতে পারছিলেন না। এ সময় দক্ষিণ দিক থেকে ছাই রঙা একটি মাইক্রোবাস দোকানের সামনে এসে থামে। মিনিট পাঁচেকের মধ্যে দুজন যুবক তাঁর মুখ চেপে ধরে এবং অস্ত্রের ভয় দেখিয়ে মাইক্রোবাসে ওঠায়। এরপর প্রায় এক ঘণ্টা গাড়িচালক ধীরগতিতে গাড়িটি চালাতে থাকে।

ওই তরুণীর বরাত দিয়ে স্বজন জানান, মাইক্রোবাসটি যখন চলছিল তখন হঠাৎ একটা ফোন আসে। তরুণীটি গাড়িচালককে বলতে শোনেন, ‘তুষার তোর ফোন। বস তোকে খুঁজছে।’ তরুণীটি লাথি দিয়ে মাইক্রোবাসের জানালা ভাঙার চেষ্টা করলে ধর্ষকেরা তাঁকে এই বলে শাসায় যে মাইক্রোবাসটির সামনে-পেছনে দুটি গাড়িই তাদের। চিৎকার করলে বা পালানোর চেষ্টা করলে অবস্থা খারাপ হবে। ধর্ষণের সময় এক যুবক বলে, ‘উপজাতি’ বলেই তাঁকে তুলে আনা হয়েছে। গাড়িচালকসহ একে একে সবাই তরুণীকে নির্যাতন করে এবং সবশেষে বাড়িতে নামিয়ে দেওয়ার প্রস্তাব দেয়।

ধর্ষণের আলামত মিলেছে: গতকালই ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ধর্ষণের শিকার তরুণীর স্বাস্থ্য পরীক্ষা হয়। ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন বিভাগের প্রধান হাবিব-উজ-জামান। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেতে সাত দিন সময় লাগতে পারে বলে তিনি সাংবাদিকদের জানান। তরুণীটির বয়স পরীক্ষায় এক্স-রে করারও সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ।

স্বল্প সময়ের মধ্যে ধর্ষককে গ্রেপ্তারের আশ্বাস পুলিশের: গতকালই পুলিশ যমুনা ফিউচার পার্ক থেকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। পুলিশের গুলশান অঞ্চলের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির প্রথম আলোকে বলেছেন, ‘আমরা আসামি শনাক্তের কাজ করছি। বেশ কিছু ক্লু আমরা পেয়েছি। আশা করি শিগগিরই একটা খবর দেওয়া সম্ভব হবে।’

২০১২ সালের ১৬ ডিসেম্বরে দিল্লিতে চলন্ত বাসে জ্যোতি সিং নামের এক নারী ধর্ষণের শিকার হন। এক মাসের ব্যবধানে বাংলাদেশে মানিকগঞ্জে ১৭ বছর বয়সী এক পোশাকশ্রমিককে একইভাবে ধর্ষণের চেষ্টা চালায় বাসচালক ও তার সহকারী। সম্প্রতি দুজনেরই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সপ্তাহ খানেক আগে ময়মনসিংহের ত্রিশালে একজন গৃহকর্মীকে ধর্ষণের চেষ্টা চালায় বাসচালক। ওই নারী বাস থেকে লাফ দেন। পরে এলাকাবাসী বাসচালককে আটক করে পুলিশে দেন।

নিউজওয়ার্ল্ডবিডি.কম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *