মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

চীনের সঙ্গে ৬ সমঝোতা ও বিনিময়পত্র সই

চীনের উপ প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং রোববার বিকেলে ঢাকা এসেছেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত করেন। এসময় দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং ‘এক্সচেঞ্জ নোট’ স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশ এবং চীন সরকারি ও বেসরকারি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে ছয়টি চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে তিনটি হচ্ছে- সমঝোতা স্মারক (এমওইউ), দুটি সহযোগিতা চুক্তি এবং শিক্ষা, গণমাধ্যম ও বাণিজ্য খাত সংক্রান্ত একটি বিনিময় নোট।

Flag-Pins-Bangladesh-Chinaদু’দেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে শিক্ষা সহযোগিতা সংক্রান্ত এমওইউ’তে স্বাক্ষর করেন বাংলাদেশের শিক্ষা সচিব নজরুল ইসলাম খান এবং চীনের শিক্ষামন্ত্রী ইউয়ান গুইরেন। বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় ও চীনের প্রেস ও পাবলিকেশন সংক্রান্ত রাষ্ট্রীয় প্রশাসনের মধ্যে বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র খাতে সহযোগিতা সংক্রান্ত এমওইউ’তে স্বাক্ষর করেন বাংলাদেশের তথ্য সচিব মর্তুজা আহমেদ ও চীনের উপমন্ত্রী টং গেং। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির (বিএফএসইউ) মধ্যে ছাত্র-ছাত্রী, ফ্যাকাল্টি, স্কলার্স ও প্রশাসনিক স্টাফ বিনিময়, গবেষণা সহযোগিতা এবং শিক্ষা সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় আরেকটি এমওইউ স্বাক্ষরিত হয়। এই এমওইউ’তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিএফএসইউ প্রেসিডেন্ট পেং লং স্বাক্ষর করেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত জয়েন্ট আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশের সাউথ-ইস্ট ইউনিভার্সিটি ও চীনের উহান টেক্সটাইল ইউনিভার্সিটির (ডব্লিউটিইউ) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে সাউথ-ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এবং ডব্লিউটিইউ’র আচার্য ওয়ে ইলিয়াং স্বাক্ষর করেন।

এদিকে বাংলাদেশের বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং চীনের ডব্লিউটিইউ’র মধ্যে ফ্যাশন ডিজাইন সংক্রান্ত জয়েন্ট আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের লক্ষ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিজিএমইএ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দিক এবং ডব্লিউটিইউ’র আচার্য ওয়ে ইলিয়াং চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে কন্টেইনার পরিদর্শন সরঞ্জাম প্রকল্প সংক্রান্ত একটি বিনিময় নোটও স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশের ইআরডি’র সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং স্বাক্ষর করেন।

সোমবার সকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করার পাশাপাশি রাষ্ট্রপতি আব্দুল হামিদ, স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত করবেন।

চীনের কমিউনিস্ট পার্টির ৯ সদস্যের পলিটব্যুরোর মধ্যে একমাত্র নারী লিউ ইয়ানদং। চীনের ক্ষমতাসীন দল ও সরকারে বেশ শক্তিশালী অবস্থানে থাকা ইয়ানদং সমকালীন বিশ্বেও ক্ষমতাধর নারী রাজনীতিক হিসেবে বিবেচিত।

গণভবনের বৈঠক সম্পর্কে সূত্র জানায়, গত বছরের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরে বাংলাদেশকে সহযোগিতায় চীনের শীর্ষ নেতৃত্ব  যে অঙ্গীকার করেছিল, যেসব চুক্তি, সমঝোতা, সম্মতিপত্র সই হয়েছিল উপ-প্রধানমন্ত্রীর সফরে সেসবের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন করে দেশটির সহযোগিতা পাওয়ার বিষয়ও আলোচনায় আসে।

সেসময় বেইজিংয়ের গ্রেট হল অফ পিপলসে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর তাদের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে দু’টি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক সই হয়; স্বাক্ষর হয় দু’টি বিনিময়পত্রও। সেখানে উল্লেখ ছিল বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনীতি ও কারিগরি সহযোগিতাসংক্রান্ত চুক্তি, পটুয়াখালীতে ১৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুকেন্দ্র স্থাপনের লক্ষ্যে চুক্তি, বাংলাদেশে চীনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে  তোলার বিষয়ে সমঝোতা স্মারক এবং কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণে সমঝোতা স্মারক। সেখানে সুনির্দিষ্টভাবে বাংলাদেশ প্রস্তাবিক বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা দেয়ার অঙ্গীকার করেছিল চীন সরকার। গভীর সমুদ্র বন্দর নির্মাণের আর্থিক সহযোগিতায় চীনের আগ্রহের কথা এদিনও জানানো হয়।

এদিকে চীনা কমিউনিস্ট পার্টির নেতার লিউ ইয়ানদং আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করে জাতীয় জাদুঘরের একটি চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করবেন। এরপর যাবেন জাতীয় সংসদে। সেখানে স্পিকারের সঙ্গে বৈঠক হবে তার। বিকালে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবেন তিনি। সন্ধ্যায় বিরোধীদলীয় নেতাদের সঙ্গে তার বৈঠক হতে পারে। রাতে পররাষ্ট্রমন্ত্রীর ডিনারে অংশ নেবেন। আগামীকাল মঙ্গলবার সফরের শেষ দিনে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থসাউথ ইউনিভার্সিটিতে কনফুসিয়াস ইন্সটিটিউটের একটি অনুষ্ঠানে বক্তৃতা করবেন লিউ ইয়ানদং। দুপুরে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

বিশেষ প্রতিনিধি/
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *