মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

আফ্রিকার মালিতে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত দুই বাংলাদেশি শান্তিরক্ষীকে লক্ষ্য করে ছোঁড়া গুলিতে একজনের মৃত্যু হয়েছে। অন্যজন গুরুতর আহত। গৃহযুদ্ধবিধ্বস্ত দেশটির রাজধানী বামাকোতে সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একজন কর্মকর্তা বলেন, “হতাহতের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

Mali-BD-Soldierমালির একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ‘সোমবার রাতে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা দুই শান্তিরক্ষীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই শান্তিরক্ষীরা জাতিসংঘের গাড়িতে ছিলেন। গুলিতে একজন নিহত হয়েছেন। অন্যজন গুরুতর আহত।’

একই সূত্রের ভাষ্য, ‘আমরা এ ঘটনার ব্যাখ্যা ও বিস্তারিত তথ্য অনুসন্ধান করছি। এটাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে দেখা হচ্ছে। হামলাকারীরা শান্তির দুশমন।’  মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের (মিনুসমা) একটি সূত্র জানায়, জাতিসংঘের হতাহত ওই দুই সেনা বাংলাদেশি।ওই দুই বাংলাদেশি শান্তিরক্ষীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মিনুসমার সূত্রটি জানায়, ওই দুই শান্তিরক্ষী বামকো বিমানবন্দর থেকে শহরের দক্ষিণে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়িতে থাকা অজ্ঞাত হামলাকারীরা শান্তিরক্ষীদের ওপর গুলি ছোড়ে।

২০১৩ সালে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (মিনুসমা) শুরু হয়। এর পর থেকে এখন পর্যন্ত ৪০ জনের বেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। সেখানে ১১ হাজার শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। বিশ্বে জাতিসংঘের যত শান্তিরক্ষা মিশন আছে, তার মধ্যে মিনুসমা সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।

সাধারণত দেশটির উত্তরে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর নিয়মিত জঙ্গি হামলা হয়। তবে দেশটির রাজধানীতে এমন হামলা বিরল।

এর আগে গত বৃহস্পতিবার মালির রাজধানীতে জাতিসংঘের একটি আবাসিক এলাকায় হামলা হয়। এতে এক বেসামরিক নিরাপত্তারক্ষী আহত হন। তবে ওই হামলায় কোনো সেনা হতাহত হননি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *