ডিম্পল বরা, নয়াদিল্লি থেকে॥
নিখোজ হওয়ার প্রায় দুই মাস পর ভারতের মেঘালয়ের শিলংয়ে নাটকীয়ভাবে খুঁজে পাওয়া বাংলাদেশি রাজনীতিক বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের অসুস্থতা কতটা তা খতিয়ে দেখতে শেষ পর্যন্ত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মঙ্গলবার এই বোর্ড নানাভাবে পরীক্ষা করে তাঁর অসুস্থতা কতটা তা খতিয়ে দেখবে।
মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সালাহ উদ্দিন সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব ( উত্তর পূর্ব) সচিব শম্ভু সিং সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান।
বাংলাদেশের এ আলোচিত রাজনীতিককে গত ১২ মে শিলং পুলিশ আটক করে। অসুস্থ মনে হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির মুখপাত্রকে সেই থেকে হাসপাতালেই রাখা হয়েছে। ইতিমধ্যে হাসপাতাল বদল করাও হয়েছে। কিন্তু অসুস্থতার কারণেই তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সালাহ উদ্দিনের বিরুদ্ধে পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ এনেছে। সে জন্য তাঁকে আদালতে নিয়ে যেতে হবে। তা নেওয়া যাবে কি না চিকিৎসকদেরই তা ঠিক করতে হবে।
শম্ভু সিং বলেন, ‘উনি হাসপাতাল ছেড়ে যেতেই চাইছেন না। বারবার অসুস্থতার কথা বলছেন। সেই জন্যই সোমবার একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ড খতিয়ে দেখবে তিনি কতটা অসুস্থ। তাঁকে হাসপাতাল থেকে আদালতে নেওয়া যাবে কি না। কিংবা গেলেও কবে যাবে।’
শম্ভু সিং বলেন, ‘উনি প্রতিবেশী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক নেতা। তাঁর বিরুদ্ধে রাষ্ট্র হিসেবে ভারত অভিযোগ এনেছে। তবে তাঁরও নিশ্চয় কিছু বলার আছে। আদালতই সেই কথা শোনার একমাত্র স্থান। কিন্তু উনি কিছুতেই আদালতে যেতে চাইছেন না। মেডিকেল বোর্ড অনুকূল প্রতিবেদন দিলে কাল মঙ্গলবারই তাঁকে আদালতে হাজির করানো যেতে পারে।’
সালাহ উদ্দিন আহমদের ভবিষ্যৎ পুরোপুরি আদালতের রায়ের ওপর নির্ভর করছে বলে শম্ভু জানান। তিনি বলেন, ‘আদালত ওঁর বিরুদ্ধে পাসপোর্ট (এনট্রি ইনটু ইন্ডিয়া) আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিতে পারেন। এটা হলো অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ সংক্রান্ত মামলা। অথবা আদালত ওঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশও দিতে পারেন। সে ক্ষেত্রে সালাহ উদ্দিনের বিচার বাংলাদেশের আদালতে হবে।’
সালাহ উদ্দিনের ভাগ্যে কী আছে তা অনুমান করা সম্ভব নয় জানিয়ে শম্ভু সিং বলেন, ‘দু একদিনের মধ্যেই মনে হচ্ছে আদালতের মত জানা যাবে। আদালতই চূড়ান্ত। সেই অনুযায়ী ব্যবস্থা।’
সালাহ উদ্দিনের স্ত্রী তাঁর স্বামীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যেতে আগ্রহী। তিনি এক সপ্তাহ ধরে শিলংয়ে আছেন।
নয়াদিল্লি প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম



Leave a Reply