আওয়ামী লীগের ১০ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৬টির কার্যক্রম চলছে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে। এ ছয়টির মধ্যে ৫টি মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় এক যুগ আগে। একটি কমিটি ১৫ বছরেরও পুরনো। অন্যসব কমিটিরগুলোর অবস্থা একেবারেই হযবরল। নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ গত ছয় বছরেও এসব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলনের জট খুলতে পারেনি। নেতারা পদ আঁকড়ে রেখে ক্ষমতার স্বাদ উপভোগ করছেন মাত্র।
কর্মীদের অভিযোগ, সংসদ সদস্য থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদ পেতেই নেতারা পদ আঁকড়ে আছেন। এক দফা পুরস্কার পেয়েও তারা নতুন করে সুযোগের অপেক্ষায় রয়েছেন। এ কারণে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলা এসব সংগঠনের সম্মেলন হচ্ছে না। সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে ন্যূনতম তাগাদাও নেই তাদের মধ্যে। ফলে নেতৃত্ব প্রত্যাশীরা রয়েছেন চরম হতাশায়। এর ফলে টেন্ডার ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছেন তারা।
ছয় সংগঠনের মধ্যে আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন হয় ২০০০ সালের ১১ মার্চ, ২০০৩ সালের ১২ জুলাই মহিলা আওয়ামী লীগ, ২০০৪ সালের ১৫ মার্চ যুব মহিলা লীগ, ৮ আগস্ট তাঁতী লীগ এবং একই বছর ৫ সেপ্টেম্বর স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়া ২০১০ সালের ১১ জুলাই ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের গঠনতন্ত্রে ৭টি সংগঠনকে সহযোগী সংগঠনের মর্যাদা দেয়া হয়।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) জনিত কারণে জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদকে ভ্রাতৃপ্রতিম সংগঠনের মর্যাদা দেয়া হয়েছে।
২০০৯ সালে ক্ষমতায় আসার আগে থেকেই আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আবু। সাহারা খাতুন স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। সাধারণ সম্পাদক আবদুল্লাহ আবু শুরু থেকেই সিএমএম আদালতের পিপির দায়িত্ব পালন করছেন। মেয়াদ উত্তীর্ণ আওয়ামী আইনজীবী পরিষদের বয়স এখন ১৫ বছর ২ মাস ১৫ দিন।
দল ক্ষমতায় এলে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হন যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল। অবশ্য এখন আর তারা নেই। মেয়াদ উত্তীর্ণ এ সংগঠনের বয়স এখন ১১ বছর ২ মাস ১১ দিন। জানতে চাইলে সংগঠনটির সভানেত্রী নাজমা আক্তার বলেন, সম্মেলনের জন্য সময় চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করা হয়েছে। সময় পেলেই তারা সম্মেলন শেষ করবেন।
দল ক্ষমতায় এলে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ ও সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য হন। ইন্দিরা পদোন্নতি পেয়ে দ্বিতীয় দফায় আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য ও দ্বিতীয় দফায় সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন। তার শূন্যপদে পিনু খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েই সংরক্ষিত আসনে সংসদ সদস্য হন। মহিলা আওয়ামী লীগের বর্তমান মেয়াদ উত্তীর্ণ কমিটির বয়স ১১ বছর ১০ মাস ১৪ দিন। সম্মেলনের বিষয়ে সংগঠনের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ বলেন, তিনি সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন। সম্মেলনের তারিখ পাওয়া যাচ্ছে না বলেই সম্মেলন করা যাচ্ছে না।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পান। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে এ সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বিএমএ’র মহাসচিব নির্বাচিত হয়েছেন। মেয়াদ উত্তীর্ণ এ স্বাধীনতা চিকিৎসক পরিষদের কমিটির বয়স এখন ১০ বছর ৮ মাস ২১ দিন। রয়েছেন দু’জনই পদ আঁকড়ে।
তাঁতী লীগের সভাপতি ইনসুর আলীর নেতৃত্ব নিয়ে এ সংগঠনে বহিষ্কার পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটেছে। তবুও সম্মেলন হয়নি। মেয়াদ উত্তীর্ণ তাঁতী লীগের কমিটির বয়স এখন ১০ বছর ৯ মাস ১৮ দিন। ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কমিটিরও মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বদিউজ্জামান সোহাগ ও সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বাধীন কমিটির বয়স এখন ৩ বছর ১০ মাস ১৫ দিন। ছাত্রলীগের সম্মেলন ২৫ ও ২৬ জুলাই।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, তারা দ্রুতই সহযোগী সংগঠনের সম্মেলন করবেন। তিনি জানান, বিভিন্ন ব্যস্ততার কারণে এতদিন সম্মেলন হয়নি। তবে খুব শিগগিরই এ কার্যক্রম গ্রহণ করা হবে।
বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম



Leave a Reply