মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ইরাক-সিরিয়া যেতে প্রস্তুত তিন শতাধিক: ঢাকার ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের আইএস প্রীতি বাড়ছে

download (7)ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ইংরেজি মাধ্যমে পড়ালেখা করেছেন এমন ছেলেমেয়েদের মধ্যে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে যোগদানের প্রবণতা বাড়ছে। আইএসের হয়ে যুদ্ধ করতে কয়েকজন এরইমধ্যে তুরস্ক হয়ে ইরাক ও সিরিয়ায় গেছে বলেও তথ্য রয়েছে। এছাড়া ঢাকা থেকে আরো অন্তত ৩০২ জন আইএসের হয়ে যুদ্ধ করতে বা সেখানকার জঙ্গিদের যুদ্ধে সহযোগিতা করতে প্রস্তুত হয়ে আছে। সর্বশেষ সাবেক একজন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার পুত্রকে গ্রেফতারের পর বিষয়গুলো একেবারে সামনে চলে এসেছে।

দেশের উচ্চ শিক্ষিত মেধাবী তরুণ-তরুণীদের টার্গেট করেই তারা মাঠে নেমেছে। আইএস জঙ্গিদের ফাঁদে পড়ে এরইমধ্যে সিরিয়া যেতে মনস্থির করেছেন ৩০২ বাংলাদেশি তরুণ-তরুণী। তাদের ১৯ জন এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছেন বলে জানিয়েছেন গোয়েন্দারা।

পড়াশোনা, ভ্রমণ কিংবা চাকরির জন্য প্রথমে তুরস্কে গেলেও তাদের মূল লক্ষ্য থাকে সিরিয়ার যুদ্ধে যোগ দেওয়া। এই ১৯ জনের মধ্যে রয়েছেন দুজন তরুণীও। তাদের একজন বেসরকারি কোম্পানির কম্পিউটার প্রকৌশলী এবং অপরজন সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক।

বাংলাদেশে অবস্থানরত ‘আইএস’ এর প্রধান সমন্বয়কারী প্রকৌশলী আমিনুল ইসলাম বেগ ও তার অন্যতম সহযোগী সাকিব গ্রেফতার হওয়ায় আইএস- এর পুরো প্রক্রিয়াটি হোঁচট খেয়েছে বলে মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা।

গোয়েন্দা সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই ‘আইএস’ কর্মীরা নিজেদের যোগাযোগের জন্য সামাজিক যোগযোগ মাধ্যম ‘উইকার’ ব্যবহার করছেন। কারণ, উইকারে ছয় মিনিট পরপর ডাটাগুলো নষ্ট হয়ে যায়। কেউ চাইলেও সেগুলো পুনরুদ্ধার করতে পারে না। তাই তারা এ প্রযুক্তির এ মাধ্যমটি ব্যবহার করছে।

আইএস- এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এমন বেশিরভাগ সদস্যই দেশের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ঢাকায় গ্রেফতারকৃত আইএস জঙ্গিরা গোয়েন্দাদের জানিয়েছেন, সিরিয়ায় যুদ্ধ শেষে দেশে ফিরে ইসলামী খিলাফত প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। তবে প্রথমে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং স্থাপনায় হামলা করার পরিকল্পনা রয়েছে তাদের।

গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে রবিবার গ্রেফতার হন আমিনুল ইসলাম বেগ। তিনি দেশে আইএস- এর প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছিলেন। মালয়েশিয়ায় কম্পিউটার সায়েন্স এবং আইটি বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে তিনি দেশে ফিরে আসেন। দেশের একটি মুঠোফোন কোম্পানি, ইন্টারনেট প্রোভাইডার কোম্পানি ও কোমলপানীয় কোম্পানির আইটি বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন তিনি। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বালাকড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার রয়েছে তিন হাজার ৮২ জন বন্ধু। তাদের বেশিরভাগই তার মতাদর্শের বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।

গ্রেফতারের সময় অভিযান চালানো দলের সঙ্গে থাকা এক কর্মকর্তা বলেন, আমিন তার পরিবারের সব সদস্যদেরই সিরিয়া যুদ্ধে যোগ দিতে উদ্বুদ্ধ করেছেন। স্ত্রী ও দুই সন্তানকেও তিনি এভাবেই গড়ে তুলেছেন। আইএস- এর পোশাকে তাদের ছবিও তুলে প্রিন্ট করে ঘরে ঝুলিয়ে রেখেছেন তিনি। তবে অভিযান চালানোর এক পর্যায়ে আমিনের মা তার ল্যাপটপটি পাঁচতলা থেকে নিচে ফেলে দিয়েছিলেন। একইসঙ্গে নিজেদের ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তির আত্মীয় বলেও দাবি করেন। পরে ওই ভাঙ্গা ল্যাপটপটি থেকে বিশেষ প্রক্রিয়ায় উদ্ধার করা হয়েছে ভয়ংকর সব তথ্য।

গোয়েন্দারা আরও জানান, আমিন বেগের অন্যতম সহযোগী আশরার আহমেদ খান চৌধুরী গত মার্চ মাসে গ্রেফতার হন গোয়েন্দা পুলিশের হাতে। তার বাবাও একজন প্রভাবশালী ব্যক্তি। সিরিয়ার যুদ্ধে যেতে আগ্রহীদের বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে দিতেন তিনি। পেশায় তিনিও আইটি বিশেষজ্ঞ। বিটিআরসি’র আইটি কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন তিনি। কাজ করেছেন সামস্যাং মোবাইল ফোন এবং সরকারের একটি আইনশৃঙ্খলা বাহিনীর আইটি বিভাগেও।

বাংলাদেশে আইএস- এর অন্যতম সমন্বয়ক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন সাকিব বিন কামাল। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডা. সুফিয়া খাতুনের মেয়ের জামাই। গাজীপুর আইইউটি থেকে লেখাপড়া শেষ করে মোহাম্মদপুরে একটি স্কুলের প্রিন্সিপাল হিসেবে কাজ করছিলেন তিনি। গত রবিবার তাকে মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গত ফেব্রুয়ারিতে ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র মো. আশেকুর রহমান ওরফে জিলানী তুরস্কে গিয়ে নিরুদ্দেশ হন। জিলানী সিরিয়ায় ঢুকে আইএসে যোগ দিয়েছেন বলে সন্দেহ আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের। গত বছর সেপ্টেম্বরে ঢাকা থেকে গ্রেফতার করা হয় আইএসআইএস জঙ্গি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সামিয়ুন রহমান ওরফে ইবনে হামদান। তার দেওয়া তথ্য অনুযায়ী সাবেক এক বিচারপতির ছেলে আদনান এবং ওএসডি যুগ্ম-সচিবের ছেলে তানজিলকে গ্রেফতার করে।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *