ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের আগে আগরতলা-ঢাকা-কলকাতা পরীক্ষামূলক মৈত্রী বাস চলাচল শুরু হচ্ছে। এ জন্য ত্রিপুরা রাজ্য রাজ্য পরিবহণ দপ্তরে প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১ জুন কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে এই মৈত্রী বাস ছাড়বে। পরে তা বেনাপোল স্থলবন্দর দিয়ে ঢাকা হয়ে আগরতলায় পৌঁছাবে। ৩ জুন ফের আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় পৌঁছাবে মৈত্রী বাসটি।
বিআরটিসি-শ্যামলী যৌথভাবে ঢাকা- আগরতলা সরাসরি যে বাসটি চালায়, সেই বাসেই আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিসের ট্রায়াল রান৷বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ও ত্রিপুরা সড়ক পরিবহণ নিগম যৌথভাবে এ বাস সার্ভিস পরিচলনা করবে। মোদির ঢাকার সফরের সময় এই বাস সার্ভিসটির উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।
সূত্রে জানা গেছে, ঢাকা হয়ে আগরতলা-কলকাতা সরাসরি বাস সার্ভিসের জন্য ১ জুন কলকাতা থেকে পশ্চিমবঙ্গ সরকার যে ট্রায়াল রান করছে, ত্রিপুরাও এরকম কোনও ট্রায়াল দিতে রাজি কি না, এ নিয়ে শুক্রবার দিল্লিতে ভূতল পরিবহণও হাইওয়ে মন্ত্রনালয় থেকে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়৷ ত্রিপুরাই প্রথম থেকে দাবি জানিয়ে আসছিল আগরতলা-কলকাতা সরাসরি বাস পরিষেবা চালু করার৷ সুতরাং কেন্দ্রীয় ভূতল পরিবহণ ও হাইওয়ে মন্ত্রনালয়ের প্রস্তাব নিয়ে রাজ্যকে এক মুহূর্তও ভাবতে হয়নি৷ ত্রিপুরার কাছে অত্যাধুনিক ভলভো বাস নেই৷ কিন্তু আরামদায়ক এসি বাস রয়েছে৷ তাই দিয়েই বাসের পরীক্ষামূলক অর্থাৎ ট্রায়াল রানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷
ত্রিপুরা পরিবহণমন্ত্রী মানিক দে আগেই জানিয়েছেন, ত্রিপুরা সড়ক পরিবহণ নিগম নতুন একটি বাস কিনেছে৷ শিগগিরই আগরতলায় আসবে৷ ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কোম্পানিকেও বলা হয়েছে এ ধরনের একটি বাস কিনতে৷ ট্রায়াল রানের বাসে ত্রিপুরা থেকে কারা কারা সওয়ারি হবেন, তা এখনও চূড়ান্ত না হলেও রাজ্যের পরিবহণ সচিব সমরজিৎ ভৌমিক রাজ্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পারেন বলে জানা গেছে৷
এদিকে, কলকাতা থেকে ১ জুন ট্রায়াল রানে একটি ভলভো বাস আগরতলায় রওনা দেবে৷ পরদিন, ২ জুন আগরতলায় পৌঁছবে৷ ৩ জুন ফের কলকাতার উদ্দেশে ঢাকা হয়ে আগরতলা ছাড়বে৷ ৬ জুন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর শুরু হচ্ছে৷ সেই সফরের মধ্য দিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর হাত ধরে আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবার পতাকা উড়তে পারে৷



Leave a Reply