বুধবার ৪ নভেম্বর ২০২৬

বহুমুখী প্রতিভা ও রাষ্ট্রনায়কসুলভ মোদি: পররাষ্ট্রমন্ত্রী

Narendra_Modiভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহুমুখী প্রতিভা ও রাষ্ট্রনায়কসুলভ সিদ্ধান্তের কারণেই স্থল সীমান্ত চুক্তি অনুমোদন হয়ে এখন বাস্তবায়নের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করেছে বলেই স্থলসীমান্ত চুক্তির বাস্তবায়ন সম্ভব হচ্ছে। সামনের দিনে এ অঞ্চলের মানুষের উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করবে। আর দুই দেশ একসঙ্গে কাজ করলে সফলতা আসবেই।

‘স্থলসীমান্ত চুক্তি : প্রত্যাশা এবং প্রাপ্তি’ শীর্ষক একটি সেমিনার শনিবার সন্ধ্যায় বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধান অতিথি এবং ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ বিশেষ অতিথি ছিলেন। এ ছাড়া রাষ্ট্রদূত মোহাম্মদ জমির সম্মানিত অতিথি এবং সাবেক রাষ্ট্রদূত এ এইচ জি মহিউদ্দিন ও নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ অতিথি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন ব্যারিস্টার তানিয়া আমীর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘দীর্ঘদিনের সমস্যা স্থলসীমান্ত চুক্তির বাস্তবায়ন ঘটছে, যা বাংলাদেশ-ভারত দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের নতুন মাত্রা সৃষ্টি করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহুমুখী প্রতিভা এবং রাষ্ট্রনায়কসুলভ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কারণেই এটি সম্ভব হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় দুই দেশের মধ্যে বিশ্বাসের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। ছিটমহলের ৫১ হাজার মানুষ তাদের প্রকৃত নাগরিকত্ব পেয়েছে। তাদের দুঃখের দিন লাঘব হয়েছে। এখন দুই দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে।’

ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ বলেন, ‘নরেন্দ্র মোদি এমন একজন নেতা যিনি যে কোনো সমস্যা সমাধানের দৃষ্টিতে মূল্যায়ন করে থাকেন। তার এ ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণেই ভারতীয় সংসদে বিলটি অনুমোদনের সময় সকল এমপি সমর্থন জানান। আর বাংলাদেশ-ভারতের মধ্যে দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে নরেন্দ্র মোদি কথা দিয়েছিলেন। তিনি তার কথা রেখেছেন।’ তিনি বলেন, ‘স্থলসীমান্ত বিল বাস্তবায়নের ফলে ওই অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে। অপরাধ দমনে স্থানীয় সরকারের সহায়তা হবে। মানুষের উন্নয়নের জন্য দুই দেশের সম্পর্ক এখন আরও সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত সমস্যার সমাধান পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে।’

নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *