ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ জুন ঢাকা আসছেন । তার এই সফরকে ঘিরে জোরালো প্রস্তুতি নিয়েছে নিরাপত্তা বাহিনী। ঢাকা মহানগর পুলিশও নিরাপত্তার স্বার্থে মহড়া চালাচ্ছে নিয়মিত। এছাগা পাঁচতারা দুইটি হোটেলের কর্মীদের জীবনবৃত্তান্তের খোঁজখবর চালানো হচ্ছে। মোদির নিজস্ব নিরাপত্তার বাইরেও তিন স্তরের নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে বলে জানা গেছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সফরের তদারকি করছেন। ভারতীয় প্রধানমন্ত্রীর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোপলিটন পুলিশ কর্মী ও নিরাপত্তা কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। সচেষ্ট রয়েছেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। ছুটি বাতিল হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়েরও।
ঢাকায় চলাচলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বিশেষ গাড়ি আসছে নয়াদিল্লি থেকে। এছাড়া প্রধানমন্ত্রীর গাড়ির সামনে পিছনে যাতায়াত করার জন্য এসপিজির জন্যও অন্তত দু’টি বিশেষ আর্মাড ভেহিকেল আসবে। বিশেষ এই গাড়িগুলো ভারতীয় বায়ুসেনরা বিশেষ বিমানে জুনের ৩ থেকে ৪ তারিখের মধ্যেই ঢাকা আসতে পারে বলেও সূত্র জানায়।
এদিকে আগামী ৬-৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে তার নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য অগ্রগামী দল ঢাকায় এসেছে। সফরের আগে আরও বেশ কয়েকজন সদস্য ঢাকায় আসবেন বলে জানা গেছে।
সোমবার ঢাকায় আসা সে দেশের ব্ল্যাকক্যাট কমান্ডো ও স্পেশাল প্রটেকশন গ্রুপের ২৪ সদস্যের দলটি এরইমধ্যে নিরাপত্তা নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। মোদির নিরাপত্তার বিষয়টি সমন্বয়ের জন্য ব্ল্যাকক্যাট ও এসপিজি’র সাথে বাংলাদেশের নিরাপত্তা ওগোয়েন্দা এজেন্সিগুলোর সদস্যদের নিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে।
ব্ল্যাকক্যাট কমান্ডো হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের বিশেষ এলিট ফোর্স। এরা ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) সদস্য। সন্ত্রাসী হামলা দমন ও দেশকে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা থেকে রক্ষা করাই এদের দায়িত্ব। ভারতীয় সেনাবাহিনী, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ও আধা সামরিক বাহিনীর সদস্যদেরকে নিয়ে ব্ল্যাকক্যাট কমান্ডো গঠিত। এছাড়া সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে এসপিজি গঠিত।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply