ভারতজুড়ে একের পর পরীক্ষায় মান উৎরাতে না পারা ম্যাগি বাংলাদেশে ছাড়পত্র পেল। মঙ্গলবার মান নিয়ন্ত্রণ সংস্থা ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সস্টিটিউট’ (বিএসটিআই) থেকে বলা হয়েছে ক্ষতিকর মাত্রার কিছু আমরা পাইনি। যদিও ম্যাগিতে মাত্রাতিরিক্ত সীসা ও মনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি)-র উপস্থিতি নিয়ে ভারতে শোরগোলের মধ্যেই বাংলাদেশের ছাড়পত্র নিয়ে খোদ ভারতেই প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সস্টিটিউট (বিএসটিআই)-এর পরিচালক কমল প্রসাদ দাস জানিয়েছেন, ম্যাগি সহ পাঁচটি কোম্পানির নুডলসের ওপর পরীক্ষা চালানো হয়েছে। কিন্তু সেগুলিতে ক্ষতিকারক উপাদানের মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া যায়নি।
ম্যাগি ছাড়াও নিউজিল্যান্ড ডেইরির ‘ডুডুলস’, কল্লোল থাই ফুডের ‘মামা’, ইফাদ মাল্টি প্রোডাক্টের ‘ইফাদ এগি’ ও প্রাণ গ্রুপের ‘মিস্টার’ নুডুলস পরীক্ষা করে দেখেছে বিএসটিআই কর্তৃপক্ষ।
বিএসটিআই-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গোলাম বাকি এর আগে জানিয়েছিলেন, বাংলাদেশে এধরনের খাদ্যদ্রব্যের গুণমান ‘নিয়মিত’ পরীক্ষা করে খতিয়ে দেখা হয়ে থাকে। কিন্তু এই পরীক্ষাটি করা হয়েছে সম্প্রতি ভারতে নেসলে-র তৈরি ম্যাগিতে ‘বিপজ্জনক মাত্রায় সীসা’ মেলার পর।
ভারতের বিভিন্ন রাজ্যের বাজারে ম্যাগির বিক্রি, বিপণন বন্ধ করা হয়েছে। আরও কয়েকটি রাজ্য নুডলসের গুণমান নিয়ে নতুন করে পরীক্ষা করছে। উত্তরপ্রদেশের খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা সোমবার নেসলের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে। গত এপ্রিলে উত্তরপ্রদেশের একটি পরীক্ষায় ম্যাগি নুডলসে অনুমোদিত মাত্রার প্রায় ১৭ গুণ সীসা ও এমএসজি পাওয়া যায। দেশজুড়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে ভারতের খাদ্য নিরাপত্তা মান নির্ধারণকারী সংস্থা আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য সারা দেশের বিভিন্ন স্থান থেকে নুডলসের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply