বুধবার ৪ নভেম্বর ২০২৬

টরেন্টোতে উদীচীর লোক উৎসব

Canada-Udichiবাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কানাডা শাখার আয়োজনে টরন্টোতে অনুষ্ঠিত হলো লোক উৎসব ১৪২২। ২৩ মে সকাল সাড়ে দশটায় টরন্টো ও সংলগ্ন এলাকা থেকে আগত শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় বার্চমাউন্ট রোডের গ্র্যান্ড প্যালেস কনভেনশন সেন্টারের নবনির্মিত সুবিশাল হল ভরপুর হয়ে ওঠে।

দিনব্যাপী এই অনুষ্ঠান দুই পর্যায়ে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ছিল শিশু-কিশোরদের দুই গ্রুপে কবিতা আবৃত্তি, তিন গ্রুপে গান ও তিন গ্রুপে নাচের প্রতিযোগিতা। এক শর ওপর প্রতিযোগী এই তিনটি বিষয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা সহকারে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা পর্বে নির্ধারিত কবিতা আবৃত্তিতে ক গ্রুপে (চার-আট বছর) আবৃত্তির কবিতা ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের খোকার সাধ। খ গ্রুপে (৯-১৩ বছর) শিশুদের আবৃত্তির কবিতা ছিল পল্লীকবি জসিমউদদীনের নিমন্ত্রণ কবিতার প্রথম দশ লাইন।

সংগীত প্রতিযোগিতায় ক গ্রুপের বিষয় ছিল ছোটদের উপযোগী যে কোনো গান। খ গ্রুপের বিষয় ছিল যে কোনো রবীন্দ্রসংগীত ও গ গ্রুপে ১৪-১৮ বছরের কিশোরদের জন্য সংগীত প্রতিযোগিতা ছিল লোকসংগীত।

নৃত্য প্রতিযোগিতার ক গ্রুপ ও খ গ্রুপের বিষয় ছিল সাধারণ নৃত্য এবং গ গ্রুপের প্রতিযোগিতা ছিল ক্লাসিক্যাল নৃত্যে।

আবৃত্তি পর্বের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আবৃত্তি শিল্পী আহমেদ হোসেন, খসরু চৌধুরী ও সুমি রহমান। সংগীত প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেন সংগীত শিল্পী রনি প্রেন্টিস রায় ও শিখা রউফ। নৃত্য প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেন মাহবুব রেজা মিঠুন, তাপস দাস ও দীনা বোস।

সংগীত প্রতিযোগিতা পর্বে শিশু-কিশোরদের সঙ্গে তবলা সংগত করেন প্রবীণ তবলা শিল্পী ভানু গোমেজ। প্রতিযোগিতা পর্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জ্যাকলিন ব্রিজেট রোজারিও ও অখিল সাহা। এই পর্বের পরিকল্পনায় ছিলেন হাবিবুর রহমান।

প্রতিযোগিতা পর্ব শেষ হলে লোক উৎসবের বিশেষ অতিথি প্রখ্যাত অভিনেতা ও নাট্যনির্দেশক শহীদুজ্জামান সেলিম বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন ও বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি উল্লেখ করে দেশের স্বাধীনতা-উত্তরকালে অসম্পন্ন সাংস্কৃতিক বিপ্লব সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা পর্বে স্থানীয় এমপি ম্যাচ ক্যালওয়ে ও কাউন্সিলর জ্যানেট ডেভিস উপস্থিত ছিলেন। তারাও শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এই পর্বে কানাডা উদীচীর পক্ষ থেকে অনুষ্ঠানের বিশেষ অতিথি শাহাদুজ্জামান সেলিমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কার বিতরণী ও আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কানাডা উদীচীর সভাপতি দীনা সাইয়েদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৌমেন সাহা।

পুরস্কার প্রদান শেষে উদীচীর নিজস্ব শিল্পীদের পরিবেশনায় শুরু হয় নাচ, গান ও আবৃত্তি সমন্বয়ে গীতিআলেখ্য বাজুক দ্রোহে রূদ্রবীণা। এটি গ্রন্থনা ও পরিকল্পনায় ছিলেন শেখর গোমেজ। গীতিআলেখ্য পর্বে পরিবেশিত দলীয় নৃত্যটির কোরিওগ্রাফিতে ছিলেন শিপ্রা চৌধুরী।

সবশেষে শুরু হয় ময়মনসিংহ গীতিকা থেকে সংকলিত গীতিনৃত্যনাট্য মহুয়া। গীতিনৃত্যনাট্যের সার্বিক পরিচালনায় ছিলেন মামুনুর রশীদ রশিদ। সহযোগিতায় ছিলেন দেবাশীষ সাহা ও কোরিওগ্রাফিতে উমামা নওরোজ ইত্তেলা ও মাহবুব রেজা মিঠুন।

সংবাদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *