বুধবার ৪ নভেম্বর ২০২৬

তিস্তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই: পররাষ্ট্রমন্ত্রী

Abul-Hasan-Mahmud-Aliতিস্তা চুক্তি নিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে আলোচনা হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোদির সফরে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে আন্তদেশীয় সংযোগ বাড়ানোই হবে প্রধান উপজীব্য। তবে তিস্তা চুক্তি একটি চলমান প্রক্রিয়া এবং এ নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর উপলক্ষে ৫ জুন দুপুরে ঢাকায় নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

মোদির সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কথা রেখেছেন নরেন্দ্র মোদি। বহু প্রতীক্ষিত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি একটি সম্মতিপত্রে স্বাক্ষর করবেন। এ ছাড়া দুই দেশের প্রধানমন্ত্রী একটি যৌথ ইশতেহারেও স্বাক্ষর করবেন।’

মাহমুদ আলী বলেন, ‘ভারত বাংলাদেশের পুরনো বন্ধু ও নিকটতম প্রতিবেশী। বাংলাদেশের দুর্দিনে ভারত বিভিন্নভাবে সহায়তা করেছে। নরেন্দ্র মোদির সফরে ঢাকা-নয়াদিল্লির সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে। নরেন্দ্র মোদি বলেছিলেন, তিনি স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন করবেন। ভারতের প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন। এটা সবচেয়ে বড় পাওয়া। নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানানোর জন্য ঢাকা প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘নরেন্দ্র মোদি আসার পর স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন করতে দুই দেশ একটি সম্মতিপত্রে অনুস্বাক্ষর করবে। এর পর ছিটমহল বিনিময় শীঘ্রই শুরু হবে। এ বিষয়ে দুই দেশই দুই দেশকে তালিকা দেবে। এর পর দুই দেশের কমিটি মিলে মাঠপর্যায়ে কাজ করবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে সম্মাননা দেওয়া হবে। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বক্তৃতা দেবেন। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, যোগাযোগ, প্রযুক্তি, পানি, অবকাঠামো খাতে সমাঝোতা স্মারক স্বাক্ষর করা হবে।’

এদিকে ট্রানজিটের জন্য মাশুল নির্ধারণের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পণ্য ও সেবার জন্য মাশুল ধরা হবে। এর হার কী হবে, এটা পরে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।

দুই দিনের সফরে আগামীকাল শনিবার ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্থলসীমান্ত নির্ধারণ চুক্তি অনুসমর্থনের দলিল বিনিময় হবে। এর মধ্য দিয়েই স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।

বৈঠকের পর বেশ কয়েকটি চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি, অভ্যন্তরীণ নৌ প্রটোকল, উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি, পণ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত সহযোগিতা চুক্তি, সাংস্কৃতিক বিনিময় চুক্তি। দুই দেশের মধ্যে সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে। এ ছাড়া দুই দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। এর মধ্য দিয়েই ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করছে দুই দেশ।

বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *