পশ্চিমবঙ্গের কলকাতার নিউটাউনে মোমের জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের মূর্তি স্থাপনের আগ্রহ দেখিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুক্রবার কলকাতায় রাজ্য বিধানসভার অধিবেশনে তিনি এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী মোদির ঢাকা সফরের আগের দিন শুক্রবার রাতে ঢাকা আসছেন মমতা বন্দোপাধ্যায়। যদিও এক সময় তিনি ঢাকা সফরের জন্য রাজি ছিলেন না। ২ দিনের সফরে শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানে ঢাকা রওনা হবেন তিনি।
শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি খুব আনন্দিত স্থল সীমান্ত চুক্তির মতো একটি ঐতিহাসিক বিষয়ে সাক্ষী থাকতে পারবো বলে। ৫৬ বছর ধরে চুক্তি আটকে ছিল৷ এবার সেটা হবে৷ অত্যন্ত আনন্দের বিষয়৷ তার জন্যই বাংলাদেশ যাচ্ছি৷
মমতা বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মোমের মূর্তি আমরা স্থাপন করব কলকাতার নিউটাউনে মোমের যাদুঘরে। এটা হবে অামাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের স্বার্থের দোহাই দিয়ে তিস্তার বণ্টন চুক্তি নিয়ে মমতা ঢাকায় আলোচনা করবেন না বলে জানিয়ে দিলেও পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গে রফতানি নিয়ে কথা বলবেন।
কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply