প্রাথমিক বিদ্যালয়ের তরুণী এক শিক্ষিকা স্কুলে যোগদানের পর থেকেই হেড মাস্টারের চোখ পড়ে তার ওপর। বিবাহিত ওই হেড মাস্টার গত কয়েক মাস ধরে নানাভাবে উত্যক্ত করার চেষ্টা করে। রবিববার ৭ জুন ওই শিক্ষিকাকে স্কুলের কমন রুমে একা পেয়ে শ্লীলতাহানি করা শুরু করে। শিক্ষিকার শাড়ি ধরে টানাটানি চলতে থাকলে তা এক পর্যায়ে বাইরের মানুষরাও দেখে ফেলে। এরপর শিক্ষিকার কান্নাকাটি শুনে এলাকার মানুষ জড় হয়। পুলিশও আসে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গতকাল রোববার কোরবান আলী নামের প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষিকার শ্লীলতাহানির এই অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশও মোতায়েন করা হয়।
ওই বিদ্যালয় ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ওই বিদ্যালয়ে ২০১৩ সালে প্রধান শিক্ষক হিসেবে কোরবান আলী যোগদান করেন। এরপর থেকে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে তিনি নানাভাবে উত্ত্যক্ত করছিলেন। এ নিয়ে কোরবান আলীর বিরুদ্ধে ওই শিক্ষিকা গত ৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেন।
রবিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের অফিসকক্ষে ওই সহকারী শিক্ষিকাকে একা পেয়ে কোরবান আলী তাঁর ওড়না ধরে টান দেন। এ সময় কোরবান আলী তাঁর শ্লীলতাহানির চেষ্টা করলে তাঁদের মধ্যে হাতাহাতি হয়।
শিক্ষিকার কাপড় ধরে টানাটানির খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিদ্যালয়ে এসে জড়ো হন। পরে এলাকাবাসী প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ওই শিক্ষিকা বলেন, ‘প্রধান শিক্ষক আমাকে প্রায় সময় উত্ত্যক্ত করতেন। এমনকি নানা সময় তিনি আমাকে কুপ্রস্তাবও দিতেন। আজ আমাকে একা পেয়ে তিনি শ্লীলতাহানি করেন। উত্ত্যক্তের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে।’
অভিযুক্ত কোরবান আলী বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানির চেষ্টা করা হচ্ছে।’
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আলিম বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে ঘটনা তদন্ত করে প্রধান শিক্ষক অভিযুক্ত হলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply