বিশেষ প্রতিনিধি॥
ঢাকায় বাংলাদেশের মানুষকে মোহিত করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ঘণ্টাব্যাপী ভাষণের তাৎক্ষণিক অনুবাদ করেন অরিন্দম দত্ত। অল ইন্ডিয়া রেডিও’র নয়াদিল্লি স্টেশনের তিনি বাংলা সংবাদ পাঠক। মোদির সফরের দ্বিতীয় দিনে ‘জনবক্তৃতা’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হিন্দি থেকে তাৎক্ষণিক বাংলায় অনুবাদের জন্যই তাকে নিয়ে আসা হয়। তার অনুবাদ ও কণ্ঠ সম্মেলন কেন্দ্রে উপস্থিত দর্শকরা কানে হেডফোনের মাধ্যমে শুনেছেন।
রোববার ৭ জুন সন্ধ্যার ওই অনুষ্ঠান শেষে অরিন্দম দত্তের সঙ্গে নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের এই প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, দীর্ঘ একঘণ্টা ধরে প্রধানমন্ত্রীর এই বক্তব্য ছিল নানা বিষয়ে পরিপূর্ণ। রাষ্ট্রসঙ্ঘ থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন- সববিষয়েই তিনি কথা বলেন। ভাষণের লিখিত কোনো রূপ ছিল না। তাই কখন প্রধানমন্ত্রী কী বলবেন, তা সঠিকভাবেই শোনার জন্য সচেষ্ট ছিলাম। আবার আমি বাংলায় বলতে গিয়ে প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য ছেড়ে যাচ্ছি কি না- তাও খেয়াল করতে হয়েছে। অরিন্দম বলেন, আসলেই এটা ছিল খুব আকর্ষণীয় একটি ভাষণ। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্র এই ভাষণ একটি মাইলফলক হয়ে থাকবে, এটা নিশ্চিত।
বাংলাদেশের উত্তরের প্রতিবেশি পশ্চিমবঙ্গের কোচবিহারের তুফানগঞ্জের ছেলে অরিন্দম। সেখানেই কেটেছে কৈশোর। তরুণ অরিন্দম দত্ত শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর পাড়ি জমান নয়াদিল্লি।
প্রধানমন্ত্রী মোদির সফর উপলক্ষে ৬ জুন ঢাকা এসে ৭ জুনের অনুষ্ঠানের পর সোমবার আবার নয়াদিল্লি ফিরে গেছেন অরিন্দম। তিনি এর আগেও নরেন্দ্র মোদির ভাষণের তাৎক্ষণিক অনুবাদ করেছিলেন।
ঢাকায় সেদিনের অনুষ্ঠানে মোদির হিন্দিতে ভাষণ এবং ‘লাইভ’ বাংলা রূপান্তর নিয়ে আগ্রহ ছিল অভ্যাগত দর্শকদের। এর পরিপ্রেক্ষতেই নিউজওয়ার্ল্ডবিডি ডট কম পাঠকদের জন্য অরিন্দম দত্তের এই সংবাদ প্রকাশ করল।
বিশেষ প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।




Leave a Reply