ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে নেতা-কর্মীদের আবেদনের হিড়িক পড়েছে। দুই পদে সংগঠনের ১৯০ নেতা-কর্মী তাঁদের জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন। এদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা আছেন। ছাত্রলীগ সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ছাত্রলীগের এক নম্বর ইউনিট। এই কমিটিতে কে আসবেন তা ঠিক করবেন সংগঠনের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীবন-বৃত্তান্ত সংগ্রহ একটি আনুষ্ঠানিকতা মাত্র।
বৃহস্পতিবার ১১ জুন সকাল ১০টায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ছাত্রলীগের সাবেক সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের কাছ থেকে সংগঠনের একটি দল গত সোম, মঙ্গল এবং বুধবার বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে জীবন-বৃত্তান্ত সংগ্রহ করেন। ওই দলের প্রধান হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব নন্দী। তিনি বলেন, ‘দুই পদের জন্য ১৯০ জন তাঁদের জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য ঠিক আছে কি না এখন সেগুলো আমরা যাচাই-বাছাই করছি।’
জীবন বৃত্তান্তে এসএসসি, এইচএসসিসহ শিক্ষা জীবনে সকল সনদপত্র, ছাত্রলীগের অতীত ও বর্তমান পদ এবং কাঙ্ক্ষিত পদের কথা উল্লেখ করা আছে। জীবন বৃত্তান্ত জমা দিতে কোনো ফি নেওয়া হয়নি।
জানা গেছে, জীবন-বৃত্তান্ত যাঁরা জমা দিয়েছেন তাঁদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক, উপসম্পাদক, কেন্দ্রীয় সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ আছেন। সম্মেলন উপলক্ষে পদপ্রত্যাশী নেতা-কর্মীরা দলের মন্ত্রী-সাংসদ ও সাবেক-বর্তমান ছাত্রনেতা থেকে শুরু করে আঞ্চলিক নেতাদের সঙ্গে দেখা করে লবিং-গ্রুপিংয়ে ব্যস্ত রয়েছেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় একজন নেতা প্রথম আলোকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাল সম্মেলন হলেও ওই দিনই কমিটি ঘোষণা করা হবে না। কমিটি প্রস্তুত করে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হবে, তিনি কখন ছাত্রলীগের সঙ্গে বসতে পারবেন। তাঁর দেওয়া সময় অনুযায়ী ছাত্রলীগ বসবে। প্রধানমন্ত্রীর মৌখিক অনুমোদনের পরে কেবল কমিটি ঘোষিত হবে। এ ক্ষেত্রে কবে কমিটি ঘোষিত হবে, তা নিশ্চিত নয়।
গত ৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলনের তারিখ ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply