সাংবাদিককে পুড়িয়ে মারার ঘটনায় পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করল ভারতের উত্তরপ্রদেশ সরকার৷এক ইন্সপেক্টর, দু’জন সাব ইন্সপেক্টর ও দুই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর৷ কয়েকদিন আগে উত্তরপ্রদেশের শাহাজাহানপুরে সাংবাদিক জগেন্দ্র সিং-এর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজন পুলিশকর্মীর বিরুদ্ধে৷
হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হয় ওই সাংবাদিকের৷রাজ্যের অনগ্রসর শ্রেণির উন্নয়ন দফতরের মন্ত্রী রাম মূর্তি ভার্মার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লেখার জন্যই জগেন্দ্রকে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ৷
হাসপাতালে ভর্তি থাকার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার বদলে তারা আমাকে পেটাতে পারত৷ দরকার হলে তারা আমাকে গ্রেফতারও করতে পারত৷’ ইন্সপেক্টর প্রকাশ রাইয়ের নেতৃত্বেই তাঁর উপর হামলা চালানো হয় বলে দাবি করেছিলেন সাংবাদিক জগেন্দ্র সিং৷
এরপরই এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷পাশাপাশি মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়েছে৷ রাজ্যের রাম মূর্তি ভার্মা, ইনস্পেক্টর প্রকাশ রাইসহ সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ সাংবাদিক মৃত্যুর ঘটনায় যথাযথ পদক্ষেপ করার জন্য মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক৷
এই ঘটনার পরই আসরে নামে বিভিন্ন রাজনৈতিক দল৷ উত্তরপ্রদেশে জঙ্গল রাজ চলছে বলে অভিযোগ করে বিজেপি৷ ইতিমধ্যেই এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে ইতিমধ্যেই বিক্ষোভ দেখিয়েছেন সাংবাদিকরা৷
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



Leave a Reply