প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান মিলন মারা গেছেন। শনিবার রাত ৩টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এই সাংবাদিকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
একুশে পদকপ্রাপ্ত হাবিবুর রহমান মিলন দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, অসুস্থতার কারণে গত ২ জুন হাবিবুর রহমান মিলনকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হৃদরোগ, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
হাবিবুর রহমানের মরদেহ তার ইস্কাটনের বাসায় রাখা হয়েছে। সাবেক সহকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য রোববার বেলা ১টায় তার কফিন জাতীয় প্রেসক্লাবে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে নেওয়া হবে পিআইবিতে। বাদ জোহর প্রেসক্লাবে তার জানাজা হবে।
হাবিবুর রহমান মিলনের এক ছেলে পাঁচ মেয়ের মধ্যে এক মেয়ে থাকেন অস্ট্রেলিয়ায়। তিনি দেশে পৌঁছালে সোমবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে এই সাংবাদিককে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম



Leave a Reply