বুধবার ৪ নভেম্বর ২০২৬

যানজটে জোড়া খুন: সাংসদের গাড়ি জব্দ

Pinu-Khan-Carগভীর রাতে যানজটে পড়ে গুলিবর্ষণে দুইজন নিহতের ঘটনায় গ্রেপ্তার বখতিয়ার আলম রনির মা বাংলাদেশের সাংসদ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের মহিলা শাখার নেত্রী পিনু খানের গাড়ি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। প্রায় দুই মাস আগে ওই রাতে ‘মাতাল’ অবস্থায় রনি কালো রঙের ওই প্রাডো গাড়ি থেকে গুলি চালিয়েছিলেন বলে পুলিশ বলেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস বলেন, “মামলার তদন্তের স্বার্থে রোববার বিকালে ঢাকায় এমপি হোস্টেল (ন্যাম ভবন) সাংসদ পিনু খানের ন্যাম ভবনের বাসার গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়েছে।”

গত ১৩ এপ্রিল রাত ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে গুলিতে এক অটোরিকশা চালক এবং এক রিকশাচালক আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হত রিকশাচালক আব্দুল হাকিমের মা মনোয়ারা বেগম ঘটনার দুদিন পর থানায় যে মামলা করেছেন, তাতে বলা হয়, একটি সাদা মাইক্রোবাস থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হলে তার ছেলে ও অটোরিকশাচালক ইয়াকুব আলী মারা যান।
পরে তদন্তে পুলিশ জানতে পারে, সাদা মাইক্রোবাস নয়, সেটি ছিল কালো রঙের একটি প্রাডো গাড়ি এবং ওই গাড়িতে পিনু খানের ছেলে রনিসহ কয়েকজন ছিলেন।

তদন্তে রনির সম্পৃক্ততা পাওয়ার পর গত ৩১ মে তাকে এবং তার গাড়িচালক ইমরান ফকিরকে পুলিশ গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি গুলিবর্ষণের কথা স্বীকার করেন বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।

ঘটনার দিন রনি কালো রঙের প্রাডো গাড়ি থেকে গুলিবর্ষণ করেন বলে তার গাড়িচালক ইমরান আদালতে জবানবন্দিতে বলেছেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *