বুধবার ৪ নভেম্বর ২০২৬

তথ্যমন্ত্রী ইনু উপাচার্য আরেফিন সহ ২৫ জনকে হত্যার হুমকি

VC-Inuঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বাংলাদেশের ২৫ জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়েছে। ১৬ জুন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যাওয়া চিঠিটি আনসারুল্লাহ বাংলা টিম-১৩-এর প্যাডে লিখা। গত ২৫ মে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী নিউজওয়ার্ল্ডবিডি ডট কম-কে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে পাঠানো চিঠিটি তাঁর কার্যালয়ে পৌঁছায়। এ ব্যাপারে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে। তিনি বলেন, এর আগে আরও দুবার উপাচার্যকে আনসারুল্লাহ বাংলা টিম-১৩-এর প্যাডে হত্যার হুমকি সংবলিত চিঠি আসে।

চিঠিতে যাদের নাম রয়েছে তাঁরা হলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ​একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল, বৈশাখী টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা নুর, সাংবাদিক আবেদ খান, মুন্নী সাহা, অঞ্জন রায়, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, নাট্যব্যক্তিত্ব নাসিরু উদ্দীন ইউসুফ, রামেন্দু মজুমদার, সৈয়দ হাসান ইমাম, গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার, মঞ্চের কর্মী মাহমুদুল হক মুন্সী, গণজাগরণ মঞ্চের আরেক অংশের প্রতিনিধি কামাল পাশা চৌধুরী, টেলিভিশন উপস্থাপক নবনীতা চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু, আকলিমা সুলতানা, এস এম শাহীন, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ এ আরাফাত ও সঙ্গীতা ইমাম।

উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ ধরনের ঘটনা বারবার হওয়াটা উদ্বেগজনক। গোয়েন্দা সংস্থাগুলোর তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।

গত ২০ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ চার শিক্ষক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, গণজাগরণ মঞ্চের মুখপাত্রসহ ১০ জনের নাম উল্লেখ করে তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি আসে উপাচার্যের কার্যালয়ে। ডাকযোগে পাঠানো সে চিঠিটিও ‘আল কায়েদা-আনসারুল্লাহ বাংলা-১৩’ নামের একটি সংগঠনের প্যাডে লিখা ছিল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আজ দুপুরে উপাচার্য আরেফিন সিদ্দিকের কার্যালয়ে এ চিঠিটি পাঠানো হয়। ওই চিঠিতেই বাকি ২৪ জনের নাম উল্লেখ ছিল। তবে তিনি ছাড়া আর কেউ এ চিঠি পেয়েছেন কি না, তিনি তা জানেন না।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *