সেই কখন অফিসে ঢুকেছেন । একটার পর একটা অ্যাসাইনমেন্টে হাঁফ ফেলার জো নেই । চোখ আপনাকে বলছে, আর পারছি না। ৯ টা থেকে ৫ টা পর্যন্ত একটানা চেয়ারে বসে পিঠের গেছে বারোটা বেজে। তবু কম্পিউটরের সামনে থেকে উঠতে পারছেন না।
জানেন কি, কম্পিউটারের সামনে এই নট নড়নচড়ন আপনার কতটা ক্ষতি করতে পারে ? আপনার শরীরের ক্ষতির সম্ভাবনা ষোলোআনা । মেদ নামে খতরনাক জিনিসটি আপনাকে আঁকড়ে ধরবে । পিঠে আচমকা যন্ত্রণাও হামলা করতে পারে । মেরুদণ্ডের ভার্টিব্রাও ক্ষতিগ্রস্ত হতে পারে মারাত্মকভাবে । ভুগতে পারেন মেন্টাল স্ট্রেসেও ।
এর থেকে মুক্তির উপায়…?
কাজ করতে করতেই এক্সারসাইজ় চালিয়ে যেতে হবে । কী করে ?
টপ ফ্লোরে অফিস হলে লিফট্ চড়ার অভ্যেসকে বলে দিন টাটা । চেষ্টা করুন সিঁড়ি দিয়েই ওঠানামার । কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ যদি ব্যথা করে, এক বা দু-মিনিট হয় চোখ বুজে থাকুন, নয় চেষ্টা করুন একটু অন্যদিকে তাকাতে ।
চেয়ারে বসে ঘাড়টাকে পিছনের দিকে হেলিয়ে দিন রিল্যাক্স মুডে । পারলে একবার বাঁ দিকে আর একবার ডানদিকে হেলান ।
হাতের কাছে স্ট্রেসবল্ রেখে দিন । কাজ করতে করতে সেটাকে এবার এ হাত, এবার ও হাতের তালুতে রেখে টিপুন । এতে টেনশন কমবে, রক্ত সঞ্চালন হবে, হাতের পেশি আরাম পাবে, জোরও বাড়বে ।
কাজ করতে করতে ফাস্ট ফুড খাওয়ার বদ অভ্যেস আছে অনেকের । কর্মস্থলে চিপস্, ক্যাপুচিনো, চকোলেট, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ় আর নয় ।
সবসময় চেয়ারে বসে থাকবেন না । লাঞ্চে বা টি টাইমে মিনিট পাঁচেক হেঁটে নিন । অফিসের বাইরে কাছাকাছি কোথাও কাজ থাকলে, চেষ্টা করুন কাজটা হেঁটে গিয়ে করে আসতে । এতে মানসিক রিল্যাক্সেশনও হবে, কাজেও মন বসাতে পারবেন । শরীরটাও ঝরঝরে লাগবে ।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



Leave a Reply