মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের কাছে অপ্রত্যাশিত হারের পর শুক্রবারও অনুশীলনে নামেনি ভারত। হোটেলের লবিতেও তাদের দেখা যায়নি। বিকেলের পর জিমে ওয়ার্ক আউট করার কথা শোনা গেছে। এদিকে বৃহস্পতিবার রাতে হারের ধাক্কায় টিম ইন্ডিয়ার সদস্যরা রাতে স্টেডিয়ামে নিধারিত খাবার খেতে যাননি; শুধু তাই নয় অনেকে হোটেলে ফিরেও খাবারের জন্য রেস্টুরেন্টে নামেননি। তিনজন শুধু রুম সার্ভিস নিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার অনুশীলন করতে নামেনি বাংলাদেশও। প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়ে খোশ মেজাজেই আছে মাশরাফি বাহিনী। তাই ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশ দলের কেউ আসেনি। তবে হারের ক্ষতি পুষিয়ে নিতে অনুশীলন করেনি ভারত দলও। দু`দলই হোটেলে বিশ্রাম নিয়ে কাটানোকেই শ্রেয়তর ভেবেছে।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির কারণে খেলা শেষ হতে এক ঘণ্টা বেশি সময় নিয়েছিল। হোটেল ফিরতে ফিরতে রাত দেড়টা বেজে যায়।
বাংলাদেশ টাইগারদের সাথে তাদের হারতে হয়েছিল ৭৯ রানে। ভারতীয় শিবির ম্যাচ হেরে এতটাই হতাশ ছিল যে স্টেডিয়াম থেকে রাতের খাবার না খেয়েও হোটেলে রওনা দেন। হোটেলে ফিরেও কেউ রাতের খাবার না খেয়েই যে যার রুমে চলে যান বলে জানা গেছে।
একই মাঠে রোববার বেলা ৩টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও ভারত।
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply