“যোগকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলুন।” আন্তর্জাতিক যোগদিবসের সূচনায় দেশবাসীর কাছে এই আবেদনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক যোগদিবসে সারা বিশ্বের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একইসঙ্গে, মোদি বলেন, “রাজপথ আজ যোগপথে পরিণত। সূচনা হল এক নতুন যুগের।”
টুইটের শুভেচ্ছাবার্তায় মোদি লিখেছেন, “ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন অংশে যোগাসনে অংশগ্রহণের মাধ্যমে দিন শুরু করেছেন মানুষ। সারা বিশ্ব আজ তা করবে।”
দেশজুড়ে পালিত হচ্ছে যোগদিবস। ইন্ডিয়া গেটের সামনে যোগাসনে অংশ নিয়েছেন কমপক্ষে ৩৭,০০০ মানুষ। রাজপথে যোগচর্চায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে। রাজপথে ৩৫ মিনিটে ৩৫টি আসন করেন অংশগ্রহণকারীরা। বৃষ্টিবিঘ্নিত মুম্বইয়ে রেনকোট পড়েই যোগদিবসে অংশ নিয়েছেন মানুষ। যোগদিবস পালিত হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গাতেও।
ভারতের সনাতনী জীবনপদ্ধতিকে তুলে ধরতে গত সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের সময় আন্তর্জাতিক যোগদিবসের প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রসংঘে গৃহীত হয় সে প্রস্তাব। স্থির হয়, ২১ জুন আন্তর্জাতিক যোগদিবস হিসেবে পালন করা হবে।



Leave a Reply