তথ্যপ্রযুক্তি সেবাকে মানুষের আরও সহজলভ্য করতে এ বছরের মধ্যেই বাংলাদেশের ৪৮৭ উপজেলায় আইসিটি সেন্টার প্রতিষ্ঠার কথা জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ২০১৭ সালের মধ্যে সাড়ে চার হাজার ইউনিয়ন সেন্টারকে ফাইবার অপটিক কেবলে সংযুক্ত করা হবে বলেও এসময় আশা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার ২৩ জুন ঢাকার সোনারগাঁও হোটেলে ‘বাংলা গভ নেট’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৬৪টি জেলা ও ৬৪টি উপজেলায় আইসিটি সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। ২০১৫ এর সেপ্টেম্বরের মধ্যে আরো ৪৮৭ টি উপজেলায় নতুন করে হাইস্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে আইসিটি সেন্টার চালু করার লক্ষ্য নির্ধারণ করা হযেছে। কোরিয়া সরকারের অর্থায়নে ২০১২ সালে শুরু হওয়া এ প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল এ বছরের ৩০ জুন।
প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ের আগেই প্রকল্পটি আমরা বাস্তবায়ন করতে পেরেছি। এর মধ্য দিয়ে প্রত্যেকটি জেলা প্রশাসন ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় এল। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দুর্নীতিও কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি। প্রযুক্তি আমাদের সময় ও হয়রানীকে কমিয়ে দিয়েছে এবং আমাদের কাজের গতি বৃদ্ধি করেছে। টাইম, ভিজিট ও কস্ট কমিয়ে আনা গেছে শুধু প্রযুক্তি ব্যবহার করে।
নতুন এ প্রকল্পটি বাস্তবায়নের ফলে উপজেলা পর্যায়েও সরাসরি তদারকির মাধ্যমে প্রশাসনিক কাজে গতি আনা যাবে বলে আশা প্রকাশ করেন প্রযুক্তি প্রতিমন্ত্রী। এখন যেভাবে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই ৬৪ টি জেলার জেলা প্রশাসকদের কাজ তদারকি করছেন। এই ২০১৫ সালের মধ্যে ৪৮৭টি উপজেলার থানা নির্বাহী কর্মকর্তার সাথেও করতে পারবেন বলে আমরা আশা করি।
এছাড়াও সংযুক্ত এক হাজার দুইশ’টি আইপি ফোনে সিঙ্গেল নেটওয়ার্কের মধ্যে সরকারি কর্মকর্তারা নিজেদের মধ্যে কথা বলতে পারবেন বলেও জানান মন্ত্রী।
সরকারি অফিসগুলোকে ‘পেপার লেস’ করার জন্য কোরিয়া সরকারের সাথে একটি চুক্তির প্রক্রিয়া চলছে বলেও জানান পলক।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply