বাংলাদেশ থেকে যখনই বৈধভাবে নতুন করে কর্মী আমদানির প্রসঙ্গ ওঠে তখনই মালয়েশিয়া সেই শর্তের বেড়াজাল তৈরি করে। এবারো আগের মতোই বলছে, বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেয়ার আগে দেশটিতে অবৈধভাবে থেকে যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরে যেতে হবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড. আহমেদ জাহিদি হামিদির এই ঘোষণার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা ‘বারনামা’।
প্রতি বছর ৫ লাখ করে আগামী তিন বছরে মোট ১৫ লাখ বাংলাদেশী শ্রমিক নেওয়ার ঘোষণা গত সপ্তাহে দিয়েছে মালয়েশিয়া। সরকারির পর্যায়ের বাইরে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এই শ্রমিকদের নেবে তারা। তবে এর আগে সেখানকার সব অবৈধ শ্রমিককে যার যার দেশে ফেরত পাঠানো হবে বলে বলে জানিয়ে দিলেন মালয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অভিবাসন বিভাগ, পুলিশ ও অন্যান্য সংস্থার মাধ্যমে অবৈধ শ্রমিক শনাক্তকরণ কার্যক্রম জোরালো করা হয়েছে। তারা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব শ্রমিককে শনাক্ত করবে।
মালয়মন্ত্রীর মতে, মালয়েশিয়ায় বর্তমানে দু’লাখ বিদেশী অবৈধ শ্রমিক কর্মরত। তাদেরকে চিহ্নিত করে, দেশে ফেরত পাঠিয়ে তবেই বাংলাদেশী শ্রমিক নেয়া শুরু হবে। এর মধ্যে যেসব দেশের অবৈধ শ্রমিক চিহ্নিত হবে সেদেশের দূতাবাসগুলোর সহায়তা চাইবে মালয়েশিয়া।
মালয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধদের ফেরত পাঠানো নিয়ে কোনও রাজনীতি করার কিছু নেই। মালয়েশিয়া বিদেশী শ্রমিকদের অনিয়ন্ত্রিত একটি আস্তানা হতে পারে না। প্রথমে আমরা সব অবৈধ শ্রমিকদের সঙ্গে কথা বলবো। তারপর তাদেরকে ফেরত পাঠাবো।
বাংলাদেশ থেকে যেসব শ্রমিক নেয়া হবে তাদেরকে ব্যবহার করা হবে বৃক্ষায়ন, নির্মাণখাত, শিল্প- কারখানায় ও সেবা খাতগুলোতে কাজে লাগানো হবে বলেও জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
নিজস্ব সংবাদদাতা, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply