বিদেশে অবস্থানকারী বাংলাদেশিদের দেশের সার্টিফিকেট, জমির আম মোক্তার নামা, পুলিশ ক্লিয়ারেন্স, নিকাহনামাসহ বিভিন্ন দলিলপত্র বাংলাদেশ থেকে সত্যায়ন করে নিয়ে যেতে হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকালে নির্ধারিত সময়ে জমা দিলেই বিকেলে এটা পাওয়া যায়। কিন্তু এই জমা ও প্রদান প্রক্রিয়া নিয়ে খুশী নন ভুক্তভোগীরা। এর জবাব তারা দিয়েছেন ইন্টারনেটে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থাকা জরিপেই ৪৭ শতাংশ মানুষ বলেছে এই সেবার মান খুব খারাপ।
শনিবার ৪ জুলাই রাতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যায়, মন্ত্রণালয়ের কনস্যুলার সার্ভিস নিয়ে আপনার মূল্যায়ন কি’- এমন প্রশ্নের জবাব দিতে সেবা গ্রহণকারীদের জন্য ছয়টি অপশন রাখা হয়েছে।
জরিপে অংশ নেয়া ৫ হাজার ২০০ জনের মধ্যে দুই হাজার চারশ’ ৩৫ জন ভোটার ‘খুব খারাপ’ অপশনে ভোট দিয়েছেন- যা মোট ভোটের ৪৬ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ প্রায় ৪৭ শতাংশ ভোটার মন্ত্রণালয়ের কনস্যুলার সেবায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। আর মন্ত্রণালয়ের সেবা ‘চমৎকার’ বলেছেন ভোট দাতাদের ২১ দশমিক ৭ শতাংশ। এই অপশনে ভোট দিয়েছেন এক হাজার একশ’ ২৯ জন।
এছাড়া ১০ দশমিক তিন শতাংশ ভোটার বলেছেন, এই সেবা ‘যথেষ্ট নয়’। এই অপশনে ভোট পড়েছে এক হাজার একশ’ ২৯ জনের। শুধু ‘খারাপ’ অপশনটিতে ভোট পড়েছে ২৮০টি বা পাঁচ দশমিক চার শতাংশ। শুধু ‘ভালো’ রায় দিয়েছেন তিনশ’ ৯৮ জন। আর খুব ভালো বলেছেন মাত্র দুইশ’ ৭৩ জন অর্থাৎ ৫ দশমিক ৩ শতাংশ।
এদিকে দিন দিন তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবা বাড়তে থাকলেও বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ বহির্বিশ্বের এ ধরনের সেবা দিতে অনেকটাই ব্যর্থ এই মন্ত্রণালয়। এমনকি দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং পাকিস্তান থেকেও পিছিয়ে রয়েছে তারা।
মন্ত্রণালয়ের ওয়েব সাইটের হোম পেজে তিনিটি দেশে অবস্থিত বাংলাদেশে দূতাবাস বা হাইকমিশনের ওয়েব সাইট লিঙ্ক দেওয়া আছে। সেসব লিংকে ক্লিক করলে আবারও মন্ত্রণালয়ের পেজটিই ঘুরে আসে। সেখানে দেওয়া কুয়েত মিশনের ওয়েব লিংকে গিয়ে দেখা যায়, ওয়েবসাইটটি সুদানের সিক্রেট হ্যাকড ( HaCked By Secret HaCk Sudan) নামক হ্যাকাররা হ্যাক করেছে। দীর্ঘদিন ধরে এভাবে থাকলেও সেটি সরানো বা ওয়েবসাইটটি উদ্ধারের তৎপরতা নেই।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেওয়া বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসের ওয়েবসাইটের ঠিকানায় গেলেও সেসব ওয়েব সাইটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।
এসব বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছে, মন্ত্রণালয় বা দূতাবাসগুলোর ওয়েব সাইট সচল করার বিষয়ে উপরের মহলের কোনও নির্দেশনা নেই।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply