ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের চার মাসে পুলিশ ২ খুনি ও তাদের ১ সহযোগীকে চিহ্নিত করছে, কিন্তু এখন পর্যন্ত ধরতে পারেনি। এটা আমার জন্য বেদনাদায়ক, দেশবাসীর জন্যও বটে। চেনা সত্ত্বেও ধরতে না পারা আইন প্রয়োগকারী সংস্থার ব্যর্থতা- বলে মন্তব্য করেছেন অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়। মামলার অগ্রগতি সম্পর্কে সোমবার আলাপকালে এসব কথা বলেন তিনি।
ড. অজয় রায় বলেন, ‘বুয়েটের শিক্ষক ফারসীমের আমন্ত্রণে সাড়া দিয়েই অভিজিত বইমেলায় আড্ডায় গিয়েছিল। তার সঙ্গে দুই-তিন বছরের পরিচয় ছিল। এই ঘটনায় ফারসীম মান্নানের নাম এসেছে, তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। কিন্তু তাকে কেন ধরেনি আমি জানি না, হয়তো প্রত্যক্ষ কোনো প্রমাণ পায়নি। সে এখন পুলিশের নজরদারিতে আছে, তার ইনভলবমেন্ট কতটা আছে সেটা খতিয়ে দেখা দরকার’।
ড. অজয় রায় বলেন, ‘হত্যাকাণ্ডের অনেক পরে ফারসীম আমার সঙ্গে দেখা করতে এসেছিল। এসে বলেছে, তার বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি হচ্ছে, প্রতিবাদ করেও কোনো লাভ হচ্ছে না। তখন সে আমাকে বিবৃতি বা ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অনুরোধ করে। আমি বলেছি, তোমাকে অপরাধী বা নিরপরাধ বলে কোনো স্ট্যাটাস দেয়া সম্ভব নয়। ও একটু মনক্ষুণœ হলো, ওর স্ত্রীও আবার অনুরোধ করল।
তিনি আরও বলেন, সেদিন আড্ডা শেষ করে ও আর ওর বউ কাঁটাবনে ডিনার খেতে গেছে। তারা অভিজিৎ আর বন্যাকে আমন্ত্রণ জানিয়ে এনেছে, অথচ আড্ডা শেষে যাওয়ার সময় বিদায় নেয়নি’।
ফারসীম মান্নানের রাজনৈতিক অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘ফারসীম মান্নান ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন জিরো টু ইনফিনিটির উপদেষ্টা ছিল, এখন অবশ্য সেটি অস্বীকার করছে’।
তিনি বলেন, ‘অভিজিতকে হত্যার পর হোটেলে র্যাডিসনে পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত হয়ে আনন্দ প্রকাশ করেছেন জিরো টু ইনফিনিটি পত্রিকার সহকারী সম্পাদক। যে নিজে হত্যাকাণ্ডে আনন্দ প্রকাশ করল তাকে কেন পুলিশ ধরছে না বুঝতে পারছি না। এরকম ছোট ছোট অনেকগুলো সোর্স আছে যেগুলো পুলিশ ব্যবহার করছে না’।
মামলার অগ্রগতি প্রসঙ্গে তিনি বলছিলেন, ‘অভিজিত হত্যা মামলার তদন্তের অগ্রগতি দৃশ্যত খুব একটা দেখা যায় না, স্পষ্ট নয়। আমি গোয়েন্দা পুলিশের সঙ্গে কথা বলেছি। গোয়েন্দারা বলছেন, পুলিশ, র্যাব ও বাংলা একাডেমির ভিডিও ক্যামেরার ফুটেজ, নিজস্ব গোয়েন্দা তথ্যানুসন্ধানের মাধ্যমে পজিটিভলি দুজন খুনিকে চিহ্নিত করা গেছে। তারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। আর ওদের সঙ্গে থাকা এক সহযোগীকেও চিহ্নিত করেছে।’
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply