পদমর্যাদা না বাড়লেও সহকারী জজ পদমর্যাদার ১১১ কর্মকর্তার বিচারিক ক্ষমতা বাড়িয়ে দ্বিগুণ করেছে সরকার। সুপ্রীম কোর্টের পরামর্শ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। সচিবালয়ে আইন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিচার বিভাগের এ পদের কর্মকর্তারা আগে সর্বোচ্চ দুই লাখ টাকার মামলা গ্রহণ ও নিষ্পত্তি করতে পারতেন। এখন তারা চার লাখ টাকার মামলা গ্রহণ ও নিষ্পত্তি করতে পারবেন। ফলে নিম্ন আদালতের দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হলো।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ থেকে জারি করা মঙ্গলবার ৭ জুলাইয়ের এক বিজ্ঞপ্তিতে নতুন এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে বিচারিক ক্ষমতা বাড়লেও এটি সংশ্লিষ্ট বিচারকদের পদোন্নতি হিসেবে গণ্য হবে না এবং শুধুমাত্র প্রশাসনিক কারণে ওই কর্মকর্তাদের ক্ষমতা প্রদান করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখে করা হয়েছে।
প্রসঙ্গত, আদালতের মামলার জট কমাতে নিম্ন আদালতের অধস্তন বিচারকদের মামলা নিষ্পত্তির ক্ষমতা বাড়াতে নতুন আইন প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে। এর আগে বিশেষ ব্যবস্থায় ওই বিচারকদের বিচারিক ক্ষমতা বাড়ান হলো।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত ১১১ কর্মকর্তার মধ্যে ১৪ জন সহকারী জজ হিসেবে বিভিন্ন জেলায় কর্মরত আছেন। বাকি ৯৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন জেলায় রয়েছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ভবিষ্যতে দেওয়ানি আদালতে পদায়ন সাপেক্ষে এ ক্ষমতাপ্রাপ্ত হবেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply