যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকলেও কাজের সংস্থান হচ্ছিল না বাংলাদেশি-আমেরিকান অসীম পালের। টানা কয়েক মাস বেকার থাকার পর পাঁচতলা থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন এই বাংলাদেশি এক যুবক। অসীম পাল (৪১) এর বাড়ি নোয়াখালী সদর উপজেলায়।
অসীম পালের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শুক্রবার তার শেষকৃত্যের প্রস্তুতি নিয়েছে ওই এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকজন।
স্থানীয় সময় মঙ্গলবার ৭ জুলাই গভীর রাতে নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় নিজের ভাড়া বাসা থেকে অসীম নিচে ঝাঁপ দেন বলে তার স্ত্রী বীথি পাল জানিয়েছেন। দ্রুত তাকে কিংস কাউন্টি হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান অসীম।
বীথি জানান, অসীম ১৯৯৭ সালে ডিভি লটারিতে যুক্তরাষ্ট্রে যান। পরে অসীম দেশে ফিরলে তাঁদের বিয়ে হয়। স্বামীর স্পন্সরে ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে যান তিনি। বিভিন্ন কোম্পানিকে কাজ করলেও অসীমা ঠিক আর্থিকভাবে সুবিধা করতে পারছিলেন না।
বিথি পাল বলেন, গত জানুয়ারি থেকে তার স্বামী বেকার ছিলেন। অনেক চেষ্টা করেও উনি কোনো কাজ জুটাতে পারেননি। এরইমাঝে ফেব্রুয়ারিতে দেশে তার বড় ভাইয়ের মৃত্যু হয়। আমি কবীর’স বেকারিতে কাজ করে সংসার চালাচ্ছি।
বিথি বলেন, বেকার জীবন তার সহ্য হচ্ছিল না। মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিলেন। কিন্তু তিনি যে এভাবে নিজেকে শেষ করে দেবেন সেটি বুঝতে পারিনি।
সংবাদদাতা, নিউইয়র্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply