সাতকানিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব খানের আত্মহত্যা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে নিয়ে তার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি ঘটন করা হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সোমবার খবরটি নিশ্চত করেছেন। ওই কমিটি মৃত্যু ও অভিযোগ দুইটাই খতিয়ে দেখবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকেই বিষয়টি তদন্তের অনুরোধ এসেছে বলে জানান তিনি।
তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, তথ্য সচিব মরতুজা আহমদ এ কমিটির দায়িত্ব পেতে যাচ্ছেন।
এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) শেখ মিজানুর রহমানকে এ বিষয়ে তথ্য ও উপাত্ত সংগ্রহ করতে নির্দেশ দেয়া হয়েছিল।
গত ৭ জুলাই সকালে তোপখানা রোডের কর্ণফুলী হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে গুরুতর অসুস্থ অবস্থায় মুক্তিযোদ্ধা আইয়ুবকে (৬২) উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, আত্মহত্যার জন্য আইয়ুব বিষ খেয়েছিলেন। আর তার কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যাতে লেখা ছিল, সচিবের ‘গলাধাক্কা খেয়ে’ অপমানে তিনি এ পথ বেছে নিয়েছেন। তবে এ বিষয়টি অস্বীকার করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান দাবি করেন, চিরকুটের বর্ণনার মতো কোনো ঘটনা তার বাসা বা মন্ত্রণালয়ে ঘটেনি। এমনকি তিনি সেই মুক্তিযোদ্ধাকে চেনেনও না।
এ ঘটনায় আইয়ুবের মামাতো ভাই আমিন হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply