বুধবার ১৫ জুলাই আষাঢ়ের শেষদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় একটানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে নগরবাসী। দুপুর একটা পর্যন্ত ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের রয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদফতরের একজন আবহাওয়াবিদ বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি আরও দু’তিনদিন থাকবে। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বৃষ্টির প্রভাব কিছুটা কম। এ সময়ে ঢাকা, রাজশাহী ও সিলেট এলাকায় বৃষ্টি বেশি হবে।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর মালিবাগ, শান্তিবাগ, রাজারবাগ, মিরপুর, নিউমার্কেট, মহাখালীসহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে গেছে। এতে ছুটির দিনের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রাজধানীর ৬ নংমতিঝিল-বনানী বাস সার্ভিসের চালক মো. মাহিদুল ইসলাম বলেন, একদিকে ফ্লাইওভার নির্মাণের কাজ ছলছে, অন্যদিকে সড়কের অধিকাংশ কাটা। তার ওপর বৃষ্টি যেন মড়ার ওপর খাঁড়ার ঘা।
শান্তিনগরের বাসিন্দা শাহজাহান মোল্লা বলেন, একদিনের বৃষ্টিতে রাজধানীর চিত্র যদি এমন হয়, এটা খুবই হতাশাজনক। দেশের উন্নতি হচ্ছে অথচ রাজধানীর জলাবদ্ধতার কোনো উন্নতি হয়নি। একটা দেশের রাজধানীর চিত্র যদি এমন হয়, তাহলে কীভাবে মানুষ চলাচল করবে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply