বুধবার ৪ নভেম্বর ২০২৬

শিশুর বুদ্ধিমত্তার পরিচয় দেবে তার প্রথম মল

201507161847520947_Babys-first-Stool-can-predict-lower-IQ-in-future_SECVPFভবিষ্যৎ জীবনে আপনার শিশুর ঝোঁক কোনদিকে হবে ? আর্টস না সায়েন্স ? জেনারেল না স্পেশালাইজ়েশন ? নাকি আপনার সন্তান শিল্পকলার দিকে ঝুঁকবে, বুঝতে পারবেন শিশুর জন্মের সময়ই। সহজসরল একটা পরীক্ষার মাধ্যমে। শিশুর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দেবে তার প্রথম মলই। গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

কেস ওয়েস্টার্ন রিজ়ার্ভ ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, সদ্যোজাতের প্রথম মলে (যার পোশাকি নাম মেকোনিয়াম) যে ফ্যাটি অ্যাসিড ও ইথাইল ইস্টার থাকে, তা পরীক্ষা করে তার IQ (বাংলায় বুদ্ধাঙ্ক) কেমন হবে তা বোঝা সম্ভব।

গবেষকদলের তরফে মিয়ং ও মিন জানান, শিশুর মলে স্থিত ফ্যাটি অ্যাসিড ও ইথাইল ইস্টারের (FAEE) সঙ্গে শৈশব ও কৈশোরকালীন বুদ্ধিমত্তার কোনও যোগ আছে কি না, তা তাঁরা দেখতে চেয়েছিলেন। গবেষণায় তার প্রমাণ মিলেছে।

তিনি আরও জানান, সন্তান গর্ভে থাকাকালীন কোনও মা যদি অ্যালকোহল নেন, তার প্রভাব মারাত্মকভাবে পড়ে। শিশুর প্রথম মল পরীক্ষা করলে সেটা বোঝাও যায়। আর অ্যালকোহল নিলে মলে ফ্যাটি অ্যাসিড ও ইথাইল ইস্টারের মাত্রা বাড়ে। গবেষণায় তাঁরা এটাও দেখেছেন, ফ্যাটি অ্যাসিড ও ইথাইল ইস্টারের মাত্রা বেশি থাকলে, বেড়ে ওঠার সময় শিশুর বুদ্ধিমত্তায় তার কুপ্রভাব পড়ে। চিকিৎসকরা আগে এতসব না জেনেই মায়েদের গর্ভাবস্থায় মদ খেতে নিষেধ করতেন। এখন সেটা আরও নির্দিষ্টভাবে প্রমাণিত।

২০ বছর ধরে প্রায় ৪০০ শিশুর উপর পরীক্ষানিরীক্ষা চালিয়েছে এই গবেষক দল। দলের তরফে মিয়ং জানিয়েছেন, ৯, ১১ ও ১৫ বছর বয়সী বেশ কিছু নাবালক-নাবালিকাকে এই গবেষণার আওতায় আনা হয়েছিল। তাদের মধ্যে যাদের মলে FAEE -র মাত্রা বেশি ছিল, পরবর্তীকালে দেখা যায়, বুদ্ধিমত্তায় তারাই কিন্তু বেশ কিছুটা পিছিয়ে।

এবার পালা, ছেলেমেয়ের ভবিষ্যৎ চিন্তা করে গর্ভস্থকালীন তাদের ফ্যাটি অ্যাসিড নিয়ন্ত্রণ করা। কী বুঝলেন ? মানে গর্ভাবস্থায় নিজেকে রঙিন দুনিয়া থেকে দূরে সরিয়ে রাখা। আজকাল ফ্যাশন আছে, যে কোনও অনুষ্ঠানেই মদ্যপানের আসর বসানো। ড্রিংক্স ছাড়া আসর নাকি জমে না। তবে সেই আসর জমাতে গিয়ে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন কি না, তা আপনাকেই স্থির করতে হবে।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *