বুধবার ৪ নভেম্বর ২০২৬

জগন্নাথ দেবের রথযাত্রা শুরু শনিবার

rathjatra22সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পার্বন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শনিবার থেকে শুরু হচ্ছে। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতিবারের মতো এবারও বাংলাদেশের সবচেয়ে বড় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে মানিকগঞ্জের ধামরাইয়ে। রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।

পরম করুণাময় জগন্নাথদেব এ দিন জীবের প্রতি কৃপা করে স্বয়ং পথে নেমে আসেন জীবকে দর্শন দেয়ার জন্য। যারা ব্যস্ততার কারণে মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে পারে না তারাও যেন ভগবানকে দর্শন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে ফিরে যেতে পারে। আর এটিই হলো রথযাত্রার উদ্দেশ্য।

শুক্রবার সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে রথযাত্রার মূল অনুষ্ঠানমালা। অনুষ্ঠানের মধ্য রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন।

ঢাকার স্বামীবাগের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সকালে ইসকন আশ্রমে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে রথ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এ উপলক্ষে দুপুরে ইসকন আশ্রমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আলোচনা সভা শেষে মঙ্গলপ্রদীপ জ্বলিয়ে রথযাত্রা উৎসবের উদ্বোধন করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী।

ইসকনের স্বামীবাগ আশ্রমে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও আলোচনা সভা শেষে দুপুর ৩টায় সেখান থেকে রথসহ বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে।

তিনটি সুবিশাল রথসহ জয়কালি মন্দির, শাপলা চত্বর, বায়তুল মোকাররম, পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট মোড়, দোয়েল চত্বর, রমনা কালিমন্দির, টিএসসি, জগন্নাথহল, পলাশি হয়ে বিকেল ৫টায় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে।

এ উপলক্ষে রাজধানীর জয়কালী রোডের রামসীতা মন্দিরে বিস্তারিত অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বিকেলে এ মন্দিরে রথযাত্রা শুরু হবে।

পুরনো ঢাকার শাঁখারীবাজার একনাম কমিটির রথযাত্রাটি শাঁখারীবাজার থেকে শুরু হয়ে মধাব গৌড় মাঠে শেষ হবে। জগন্নাথ জিউ মন্দিরের রথযাত্রা তাঁতীবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে।

এ ছাড়া রাজধানীর অন্যান্য মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দিরেও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রথযাত্রা অনুষ্ঠান নির্বিঘœ করার স্বার্থে ওই সময় বিকল্প সড়কে যানবাহন চলাচলের জন্য অনুরোধ জানিয়েছে। রথযাত্রা চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতাও কামনা করেছে ডিএমপি।

রথযাত্রা উপলক্ষে সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *