গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর বাজার এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাহারুল খন্দকার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নারীসহ অন্তত ১০ জন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাহারুল একই ইউনিয়নের ইদিলপুর গ্রামের বাবু খন্দকারের ছেলে।
স্থানীয়রা জানান, দুই বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে ইদিলপুর গ্রামের রমজান আলী ও ইসমাইল হোসেনের মধ্যে বিরোধ চলছিল। আজ বুধবার সকালে রমজান লোকজন নিয়ে ওই জমি দখল করতে যান। খবর পেয়ে ইসমাইল দলবল নিয়ে ঘটনাস্থলে তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এ সময় সাহরুলসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাহারুলকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রাথমিকভাবে ছয়জনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply