প্রতিবেশী দুই ভাইয়ের ছুরিকাঘাতে ঢাকার দোহার উপজেলায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ২২ জুলাই রাতে রাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে দোহার থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান।
নিহত বকুল (২৯) রাইপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সন্দেহভাজন রাসেল ও তার ভাই রাকিব ঘটনার পর থেকেই পলাতক।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সিরাজুল বলেন, রাতে গ্রামের একটি মুদি দোকানের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন বকুল। সেখানে রাসেল ও রাকিবের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে রাসেল দৌড়ে বাড়ি থেকে ছুরি এনে বকুলের বুকে ও পেটে আঘাত করে। এরপর দুই ভাই পালিয়ে যায়।”
স্থানীয়রা বকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ইয়াহিয়া মাহমুদ খাঁন বলেন, “বকুলের বুকে ও নাভির এক ইঞ্চি উপরে ছুরিকাঘাতের জখম ছিল। প্রচুর রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে”।
ওসি বলেন, “এলাকার আধিপত্য নিয়ে বকুলের সঙ্গে রাসেল ও রাকিবের শত্রুতা ছিল। এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
নিহতের ছোট ভাই বাহারুল বলেন, “এভাবে আমার ভাইকে জীবন দিতে হবে আমরা পরিবারের কেউ তা মেনে নিতে পারছি না। আমারা খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি চাই।”
এ ঘটনায় বকুলের স্বজনেরা বুধবার রাত সাড়ে ১২টার দিকে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।



Leave a Reply