টেন্ডারবাজিতে জড়িয়ে গ্রেপ্তার হওয়া ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক গাজী মাজহারুল ইসলামকে (গোফরান গাজী) বহিষ্কার করেছে সংগঠনটি।
শুক্রবার ২৪ জুলাই বিকেলে যুবলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজউক ভবনে টেন্ডারকে কেন্দ্র করে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল ইসলাম ওরফে গোফরান গাজীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
বৃহস্পতিবার ২৩ জুলাই ঢাকার দিলকুশার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনে ‘টেন্ডারবাজি’ করার সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এঁরা সবাই সরকার-সমর্থক সংগঠনের রাজনীতিতে জড়িত বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (৫৬), মো. সেলিম (৫০), খায়রুল আলম তুহিন (৩৭), মো. রাসেল (২৯), গাজী মাজহারুল ইসলাম ওরফে গোফরান (৫৭) ও কাজী সোহেল (২৮)। এঁদের মধ্যে গাজী মাজহারুল মহানগর দক্ষিণ যুবলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক।
গত এপ্রিলে অনুষ্ঠিত সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। ওই ওয়ার্ডের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন।
মিজানুর রহমানও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। রাসেল ও কাজী সোহেল ছাত্রলীগের কর্মী। বাকি দুজন ব্যবসা করেন। তাঁরাও সরকারপন্থী রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাঁরা কোন সংগঠনের সদস্য, তা জানা যায়নি।
র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম সারোয়ার বলেন, পূর্বাচল ও উত্তরায় ফ্ল্যাট নির্মাণের দরপত্র জমা দেওয়ার জন্য প্রধান ভবনের পাঁচতলায় ও বর্ধিত ভবনের তিনতলায় দরপত্রের দুটি বাক্স রাখা ছিল। বেলা একটার দিকে এক দল টেন্ডার জমা দিতে গেলে অন্য দল বাধা দেয়।
র্যাব-৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে কিছু ‘টেন্ডারবাজ’ দরপত্র খোলার সময় দরপত্র কমিটি ও পুলিশের সামনে থেকে জোর করে দরপত্রের ফাইলগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব-৩-এর একটি টহল দল ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply