চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ৯৫টি বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। এরমধ্যে ক্রসফায়ারে মারা গেছে ৭৩ জন। এছাড়া গুমের ঘটনা ঘটেছে ৩৬টি এবং ধর্ষণ হয়েছে ২৩৩টি। এ তথ্য জানা গেছে মানবাধিকার সংস্থা অধিকার প্রকাশিত এক প্রতিবেদন থেকে।
অধিকারের প্রতিবেদনে যেসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে বন্দুকযুদ্ধ, গুলিতে নিহত, পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা, নির্যাতনে মৃত্যু,অন্যান্য। এসব ঘটনায় জানুয়ারিতে ১৮টি, ফেব্রুয়ারিতে ৩৮টি, মার্চে ১২টি এবং এপ্রিল মাসে ৯টি মৃত্যুর ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা পায়ে গুলি করা ঘটনা ঘটেছে ৩০টি। গুমের ঘটনা ঘটেছে ৩৬টি। এর মধ্যে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ৩৩টি গুমের ঘটনা রয়েছে।
পাশাপাশি গত পাঁচ মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ১৩৭ জন। আহত হয়েছেন তিন হাজার ৭৮৩ জন।
অন্যদিকে সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে মারা গেছেন ২০ জন বাংলাদেশের নাগরিক। আহত ২৯ জন, আর অপহরণ করা হয়েছে ১৬ জনকে।
সংস্থাটি সব রাজনৈতিক দলকে সহিংসতা ও সংঘাতপূর্ণ রাজনীতি বন্ধের জন্য অবিলম্বে নিরপেক্ষ সরকার কিংবা জাতিসংঘের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা সুপারিশ আকারে তুলে ধরে। প্রতিবেদনে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনাগুলোর সঙ্গে জড়িত আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট সদস্যদের বিচারের মুখোমুখি করার এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক নীতিমালা মেনে চলার সুপারিশ করা হয়।
অধিকার’এর তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সারা দেশে ২৩৩টি ধর্ষণের ঘটনা ঘটে।
তবে বছরের প্রথম চার মাসের তুলনায় মে মাস এর হার আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি মাসে ৩৩, ফেব্রুয়ারিতে ৪৪, মার্চে ৪০, ও এপ্রিল মাসে ৪১টি ধর্ষণের ঘটনা ঘটে। কিন্তু মে মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৭৫ টি।
ধর্ষণের মতো যৌতুকের কারণে সহিংসতার ঘটনাও ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি মাসে ১৩, ফেব্রুয়ারি ও মার্চে ১৫টি করে এবং এপ্রিল মাসে ১৩টি সহিংসতার ঘটনা ঘটে। তবে মে মাসে এ ধরনের সহিংসতা হয়েছে ১৭ টি। যৌন হয়রানির শিকার হয়েছেন ৬২জন।
প্রতিবেদনে নারী নির্যাতন বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের শাস্তি প্রদান ও গণমাধ্যমের সচেতনতা বৃদ্ধির সুপারিশ করা হয়।
সংস্থাটি আরও জানায়, বছরের পাঁচ মাসে অ্যাসিড সহিংসতার ঘটনা ঘটেছে ২৪টি। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে মারা গেছেন ৫৭ জন।
এদিকে প্রতিবেদনে সাংবাদিকদের ওপর আক্রমণের চিত্রও তুলে ধরা হয়। সেখানে বলা হয় বছরের এই পাঁচ মাসে ৪৬ জন আহত হয়েছেন। হুমকির সম্মুখীন ১৪, লাঞ্ছিত ৩, নির্যাতন ১ ও গ্রেপ্তার হয়েছেন ৫ জন। ডিনিউজ



Leave a Reply